মেঘনায় ডাকাতির সময় ৬ জলদস্যুকে পুলিশে দিলেন জেলেরা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
মনপুরা থানা
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতি করার সময় ৬ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছেন জেলেরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় জলদস্যুদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে রোববার রাত ৮টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকাসংলগ্ন মেঘনা থেকে সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রসহ জলদস্যুদের ধরে পুলিশে হস্তান্তর করেন। এ সময় জলদস্যুদের ২ ইঞ্জিনচালিত নৌকা থেকে চাপাতি ২টি, দা ৩টি, ছোড়া ১টি, লোহার পাইপ ২টি, খালি মদের বোতল ১টি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জলদস্যুরা হলেন- জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মো. শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। এদের প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯নং ওয়ার্ডে।
জেলেরা জানান, রোববার রাত ৮টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্বপাশে মেঘনায় মাছ শিকারের সময় দেশীয় অস্ত্রসহ জলদস্যুরা শফিউল্লাহ মাঝির নৌকায় হামলা করে। এ সময় জলদস্যুরা প্রথমে জেলে নৌকায় পাথর ছুড়ে মারে। পরে মেঘনায় মাছ শিকার করা ১০ জেলে নৌকা একত্রিত হয়ে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে ধরে পুলিশে হস্তান্তর করেন। এ সময় জলদস্যুরা মেঘনায় বড় বড় রাম দা নদীতে ফেলে দেয় বলে জানান জেলেরা।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
