Logo
Logo
×
   

সারাদেশ

ছেলের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

ছেলের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ

প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন আব্দুস সবুর।

ছেলের বিরুদ্ধে পরিবারের অর্থ-সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও সার কালোবাজারির অভিযোগ করেছেন বাবা মো. আব্দুস সবুর। তবে অভিযুক্ত আতিকুর রহমান লেন্টু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অসত্য বলে দাবি করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সবুর অভিযোগ করেন, তার ছেলে আতিকুর রহমান লেন্টু তার চাচা, ভাই-বোন ও চাচাতো ভাইদের ব্যবসায়িক অর্থ ও সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। এসব অর্থ-সম্পদ ফেরত চাইলে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ছেলের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আতিকুর রহমান তার বাবা ও ছোট ভাইকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। বাবাকে মারধরের ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন আব্দুস সবুর।

পরিবারের অর্থ-সম্পদ ফেরত এবং মিথ্যা মামলার প্রতিকার চেয়ে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলে জানান তিনি। তার দাবি, সংশ্লিষ্ট অর্থ-সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার, অর্থ-সম্পদ ফেরত এবং এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লেন্টুর ছোট ভাই শফিকুল ইসলাম, চাচাতো ভাই তরিকুল ইসলাম ও আজমির রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আতিকুর রহমান লেন্টু বলেন, আমার বাবা অসুস্থ। পরিবারের সদস্যরা তাকে ভুল বুঝিয়ে প্রেস ক্লাবে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম