Logo
Logo
×
   

সারাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

জয়পুরহাট জেনারেল হাসপাতাল। ছবি: যুগান্তর

বোনকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে হাসুয়া নিয়ে কোপাতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন শাকিল আহাম্মেদ (২৮) নামে এক যুবক। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরে উপস্থিত সাধারণ মানুষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক শাকিল আহাম্মেদ জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়ের ছত্রগ্রাম এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জের ধরে গত শনিবার সুরাইয়াকে মারধরের পর মিনহাজুল নিজে বিষপান করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বোনকে মারধরের খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই শাকিল রোববার দুই হাতে দুটি ধারালো হাসুয়া নিয়ে সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো হাসুয়া হাতে হন্তদন্ত হয়ে শাকিলকে ওয়ার্ডে ঢুকে দুলাভাইয়ের বেডের দিকে যেতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তিনি আঘাত করার আগেই উপস্থিত জনতা সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলে এবং তার হাত থেকে অস্ত্র দুটি কেড়ে নেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

আটকের পর শাকিল জানান, তার বোনকে প্রায়ই মারধর করতেন দুলাভাই মিনহাজুল। শনিবারও মারধর করার পর নিজে বিষপানের নাটক করে হাসপাতালে ভর্তি হন। বোনকে নির্যাতনের শোধ নিতেই তিনি হাসুয়া নিয়ে হাসপাতালে গিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে আঘাতের উদ্দেশে দুটি ধারালো হাসুয়াসহ শাকিল নামে এক তরুণকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম