চট্টগ্রাম বন্দরের চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা অমান্য করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। গত ৭ জুলাই বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়।
সাময়িকভাবে লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।
শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানগুলোর কাজ সাধারণত বন্দরের বহির্নোঙ্গরে জাহাজে পণ্য ওঠানো ও নামানো, ক্রেন, গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফট ও অন্যান্য সরঞ্জাম পরিচালনা ও সমন্বয় করা। জাহাজ থেকে নামানো পণ্য জেটি, ইয়ার্ড বা নির্ধারিত জাহাজের কার্গো প্ল্যান অনুযায়ী কোন পণ্য কোথায় উঠবে বা নামবে তা সমন্বয় করা। এছাড়া জাহাজ বন্দরে আসার পর পণ্য দ্রুত নিরাপদ ও সঠিকভাবে নামানো এবং আবার প্রয়োজনীয় পণ্য জাহাজে তোলার পুরো কার্গো-অপারেশন পরিচালনা ও সমন্বয়ের কাজটিও করে থাকে।
বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠান চারটিকে জাহাজ বণ্টনের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্দরের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায়।
এ বিষয়ে জানতে বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম যুগান্তরকে জানান, বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য ও নিয়ম লঙ্ঘন করায় চারটি শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

-6aa2cbf38a546.jpg)