মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিখোঁজের তিন দিনের মাথায় ভোলায় মেঘনা নদীর তীর ধসে নদীতে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মেঘনায় নিখোঁজ থাকা দুই বন্ধুরই লাশ উদ্ধার হলো।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চরে ভাসতে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মৃত আমজাদ ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত ছিলেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার গরিবের দুবাই খ্যাত মেঘনার তীরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, জেলে ও স্থানীয়রা চরে লাশটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। লাশটি মেঘনা নদীতে নিখোঁজ থাকা বিজিবি সদস্য আমজাদের বলে চিহ্নিত করেছেন তার পরিবার। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় আমজাদ, তার বন্ধু রাকিব, ফাহিম, সাগর ও শাওনসহ মোট ৫ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে নদী তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একাংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে ৫ বন্ধুই খরস্রোতা নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। উদ্ধার হওয়া তিনজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন, তবে তারা ব্যর্থ হন। পরবর্তীতে নিখোঁজদের সন্ধানে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু তাদের পাওয়া যায়নি।
এরপর গতকাল শুক্রবার সকালে ভাসমান অবস্থায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে রাকিবের লাশ উদ্ধার করেন সেখানকার নৌ পুলিশ। সর্বশেষ আজ বিজিবি সদস্য আমজাদের লাশ উদ্ধার করা হয়েছে।

