Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রুমিন ফারহানার অনুষ্ঠান নিয়ে বিএনপির আপত্তি, হামলার অভিযোগ

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

রুমিন ফারহানার অনুষ্ঠান নিয়ে বিএনপির আপত্তি, হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিএনপির আপত্তিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজ নিতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন আয়োজকদের পক্ষের লোকজন। এতে রুমিন ফারহানার নেতাকর্মীরা আহত হয়েছেন বলে দাবি করা হয়।

আহতরা হলেন- আতাউর রহমান ও রাসেল বিপ্লব। আতাউর আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও রাসেল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘ভাষা সৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, খোলাপাড়া গ্রামে আবদুল কাদির শাহ পাঠাগারটি পল্লী গ্রামে শিক্ষা প্রসারে ২০১৮ সাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এটি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার। আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। 

জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানের আপডেট জানতে আবদুল কাদির শাহ পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব উপজেলায় যান। এ সময় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের ইউএনওর সঙ্গে কথা বলতে দেখে ভেতরে প্রবেশ করেননি তারা। সেখান থেকে নিচে নেমে উপজেলা পরিষদের বিপরীত দিকে দাঁড়িয়ে নিজেরা কথা বলছিলেন। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ তার লোকজন গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে দুই দিকে ফিরিয়ে দেন। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে আমাদের ছেলেপেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি তাদের ফিরিয়ে দিয়েছি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য। তিনি চাইলে অবশ্যই সংবর্ধনা অনুষ্ঠান হবে।  

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান বলেন, আব্দুল কাদির শাহ পাঠাগার স্থানীয় আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে। এ অবস্থায় সরকারি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সংসদে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য নিয়েও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই প্রশাসনের প্রতি অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে গত ১২ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি থেকে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম