ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটোভ্যান
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ সাজু শেখ ও নুরজাহান দম্পতিকে এবার জেলা প্রশাসন থেকে দেওয়া হলো ঘর এবং তার ছেলের জন্য ব্যাটারিচালিত ভ্যান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামে ওই বৃদ্ধ দম্পতির বাসায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সরেজমিনে গিয়ে ভ্যানগাড়িটি তার ছোট ছেলের হাতে তুলে দেন। একই সঙ্গে জেলা প্রশাসন থেকে তার জরাজীর্ণ পুরোনো ঘর ভেঙে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, যুগান্তর প্রতিনিধি রফিক মজিদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দৈনিক যুগান্তরে গত ১৩ সেপ্টেম্বর ‘ভালোবাসার কাছে হার মানল দারিদ্র্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় জেলাজুড়ে। একই সঙ্গে ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যে হাত বাড়িয়ে দেন দেশ-বিদেশ থেকে।
এদিকে ওই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. হযরত আলী, জেলা যুবদল, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এদিকে ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই দম্পতির চিকিৎসার দায়িত্ব নিয়ে শহরের আবেদন হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসার পর বুধবার বাসায় ফিরে যান তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন যুগান্তরকে বলেন, বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে ভাইরাল বৃদ্ধ দম্পতির খবর পেয়েই আমরা প্রাথমিকভাবে রোববার রাতেই খাদ্যদ্রব্য ও নগদ অর্থ দিয়েছিলাম। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে নানা সাহায্য-সহযোগিতা আসছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ এবং তার ছেলের জন্য ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলাম, যাতে বৃদ্ধ দম্পতির ছেলের মাধ্যমে আয়ের একটি উৎস হয়।

-6aac0c79ef7f2.jpg)