দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
প্রতীকি ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নজরুল কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দরজখোলা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন।
পরিবার ও স্বজনরা জানান, প্রায় ২০ বছর আগে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। জোহানেসবার্গের পাশের টেম্বিসা এলাকায় ব্যবসা শুরু করেন। সেখান থেকে তিনি নিয়মিত পরিবারের কাছে অর্থ পাঠাতেন। পরবর্তী সময়ে আরও ভালো ভবিষ্যতের আশায় বড় অঙ্কের অর্থ খরচ করে সড়কপথে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে গিয়ে আইনি জটিলতায় পড়েন। প্রায় নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসতে হয় তাকে।
২০২৫ সালে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে টেম্বিসায় ব্যবসা শুরু করেন নজরুল। কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। পরীক্ষা-নিরীক্ষায় তার লিভারে জটিলতা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এতে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায় বলে স্বজনরা জানান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নজরুল।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী নজরুলের বন্ধু নেতা গিয়াস উদ্দিন জানান, তার মৃত্যুর পর শুক্রবার জুমার নামাজ শেষে জোহানেসবার্গের মেফেয়ার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তার মরদেহ নিয়ে বাংলাদেশগামী বিমান দক্ষিণ আফ্রিকা ছাড়ে। বুধবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর পর লাশবাহী গাড়িতে করে তা কুমিল্লার দাউদকান্দির নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেলে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

