স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, ওয়াশরুমে মিলল তরুণীর মরদেহ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম
প্রতীকি ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার শহরের আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিহত নারীর সঙ্গে থাকা দুই বছরের একটি শিশু অক্ষত উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বাসটার্মিনাল এলাকার স্ট্যান্ড পার্ক রিসোর্টের তৃতীয় তলার ওয়াশরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কুলসুমা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চান্দেরঘোনা এলাকার আলমের মেয়ে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে এক যুবকের সঙ্গে কুলসুমা ও তার সঙ্গে থাকা একটি শিশু নিয়ে হোটেলে ওঠেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। রেজিস্টারে ঠিকানা দেওয়া হয় ঈদগাঁও উপজেলার ভাদিতলা। পরদিন কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক পরিচ্ছন্নতাকর্মী। পরে কক্ষে ঢুকে ওয়াশরুমে কুলসুমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি ওই পরিচ্ছন্নতাকর্মী হোটেল কর্তৃপক্ষকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলসুমার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে নিহতের পরিবারের দাবি, কুলসুমার সঙ্গে থাকা ওই যুবক কুলসুমার স্বামী হারুন নন। এমনকি পরিবারের সদস্যরাও তাকে চেনেন না।
পুলিশের তথ্য অনুযায়ী, কুলসুমার স্বামী হারুনের সঙ্গে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে কক্সবাজার শহরে এসেছিলেন কুলসুমা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কুলসুমার সঙ্গে হোটেলে থাকা যুবকটি তার স্বামী নন। তাকে শনাক্তের চেষ্টা চলছে। হোটেলের কর্মচারীরা ওই যুবকের নাম আরফান বলে জানিয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হোটেলের সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার পর্যালোচনা করে ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
