নিখোঁজের দুই দিন পর মিলল বিএসএফ সদস্যের লাশ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। দুই দিন পর বুধবার (২৫ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিএসএফ সদস্যের নাম কে ভেনু। তার বয়স ৩২ বছর। তিনি আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন।
বিএসএফের মিজোরাম ও কাছাড় সীমান্ত শাখার এক কর্মকর্তা জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে অভিযান চলছিল।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে হরিনগর সীমান্ত চৌকির কাছে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু চোরাকারবারির চলাচলের তথ্য পায় বাহিনী। তাদের আটক করতে অভিযানে যান বিএসএফের কোম্পানি কমান্ডার। তার সঙ্গে ছিলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।
এ সময় বিএসএফ সদস্যরা সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে তারা নদীপথে পালানোর চেষ্টা করে। তাদের পিছু নিতে দুই বিএসএফ সদস্যও বরাক নদীতে ঝাঁপ দেন। হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও স্রোতের টানে নিখোঁজ হয়ে যান কে ভেনু।
ঘটনার পরপরই তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, নদী পুলিশ ও বিএসএফের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। অবশেষে দুই দিন পর নদীর ভাটির দিকে তার লাশ পাওয়া যায়।
কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, বিএসএফের কোম্পানি কমান্ডার তাকে এ ঘটনার বিষয়ে অবহিত করেছিলেন। তার কাছ থেকেই দুই সদস্যের নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি জানতে পারেন তিনি।
এদিকে, কে ভেনু নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হয়েছে কি না, তা নিয়ে সীমান্ত এলাকায় আলোচনা তৈরি হয়। তবে বিএসএফ জানিয়েছিল, এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য বা যোগাযোগ পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া লাশের বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে তার লাশ বিমানযোগে ভারতের তেলেঙ্গানায় নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। এরই মধ্যে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে।


