রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আবাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার ওই রুশ নাগরিক কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে খুঁজতে গ্রিন সিটির ওই কক্ষে যান। এ সময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এসআই শরিফুল ইসলাম আরও জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
