মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, খালের পাড়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি।
নিহত জিহাদুল ইসলাম আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে খালের পাশে তার জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার বিষয়টি সন্দেহ করেন তারা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। পরে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেন। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-6afff33352640.jpg)