Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও পিঠা-পায়েসে মানিকগঞ্জে নবান্ন উৎসবে বিদেশিরাও

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও পিঠা-পায়েসে মানিকগঞ্জে নবান্ন উৎসবে বিদেশিরাও

ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও পিঠা-পায়েসে মানিকগঞ্জে নবান্ন উৎসব

Advertisement

হেমন্তের সোনালি সকালে মাঠজুড়ে পাকা ধানের সমারোহ। কাস্তে হাতে ধান কাটছেন কৃষক। তাদের সঙ্গে মাঠে নেমেছেন দেশ-বিদেশ থেকে আসা অতিথিরাও। এমন দৃশ্য দেখা গেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে।

গ্রামের কোথাও চলছে ধান মাড়াই, কোথাও ঢেঁকিতে চাল ভানার ছন্দে কিষানিদের কণ্ঠে শোনা যাচ্ছে লোকগান—‘ও ধান ভানি রে, ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া।’ আবার কোনো বাড়ির আঙিনায় নতুন চালের পিঠা-পায়েস, বাউলগান আর গ্রামীণ খেলাধুলায় মুখর উৎসব প্রাঙ্গণ।

সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে এ নবান্ন উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও এতে অংশ নেন।

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এছাড়া ঢাকা থেকে আমিনা আনসারী ও রূপশিখা বানু, রাজশাহী থেকে হেলাল হেদায়েত ইসলাম এবং বিক্রয় প্রশিক্ষক রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে যোগ দেন। আশপাশের অন্তত ২০টি গ্রামের কৃষক-কিষানিদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে ধান ভানার ছন্দে গানের তালে নাচেও অংশ নেন নারীরা। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস। কলাপাতায় পরিবেশন করা হয় নবান্নের নানা পদ। উৎসব প্রাঙ্গণে বসে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা। ছিল শস্য প্রদর্শনী, রম্য কৌতুক ও বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার আয়োজন।

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, ভিনদেশি প্রীজ বেরোজ লিজা, শুকুরজান ও স্থানীয় প্রবীণ কিষানিরা। সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর। এতে গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাববৈঠকী গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি।

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তার খুব ভালো লাগছে।

আদর্শ কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলা হচ্ছে।

আলোচনা পর্বে বক্তব্য দেন- প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার ও নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো এ আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর নামে মামলা

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

আরও পড়ুন

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম