তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়ন পরিষদ মাঠে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
|
ফলো করুন |
|
|---|---|
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের ক্রীড়ানৈপুণ্য তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গ্রামপর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়াতে হবে।
শুক্রবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়ন পরিষদ মাঠে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা গেলে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। তাদের মধ্য থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি হবে। এজন্য ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাতিলাপাড়ার কুয়াশা মোহন সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ঢাকার ধামরাইয়ের ভাবনহাটি স্পোর্টস জোনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাটুরিয়ার হরগজ ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা ঘিরে হাজারও দর্শকের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন হরগজ ফুটবল একাডেমির হাতে ৬০ হাজার টাকা এবং রানার্সআপ ভাবনহাটি স্পোর্টস জোনের হাতে ৩০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব শাহ মো. ফিরোজ আল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সদস্য আজাদ হোসেন খান ও গোলাম আবেদীন কায়সার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি কুদ্দুস খান মজলিস মাখন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।
