ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ৭
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক মানবপাচারকারী ও এক নারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস-এর ১০০ গজ অভ্যন্তরে বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করে।
বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জ এবং বাকি পাঁচজনের বাড়ি মাদারীপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন শ্রমজীবী পেশায় নিয়োজিত ছিলেন।
তারা কোন চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে কেন দেশে ফিরছেন—তা খতিয়ে দেখতে গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে।
এদিকে অভিযানকালে রাতের আঁধারে ওই পাচারকারী চক্রের আরও দুই সহযোগী পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর একই বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এক মানবপাচারকারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের অখণ্ডতা এবং দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ রুটগুলোতে অতিরিক্ত জনবল নিয়োগের পাশাপাশি ড্রোন টহল, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
