Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ

ছবি: যুগান্তর

Advertisement

পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধসহ একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকাল থেকে রাত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ,  শেরশাহ্  রোড এলাকার রওশন  আলমের ছেলে রিফাত, তছের পাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগা রোডের  পিরুর ছেলে রিশাদ ও শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল৷ 

আহতরা সবাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের সমর্থক এবং উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী। নিখোঁজ ব্যক্তি মাজদিয়া এলাকার রহিম মন্ডল (শফি)। তিনি স্থানীয় বালু ব্যবসায়ী বলে জানা গেছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে রহিম মন্ডল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সরদারের ছত্রছায়ায় বালু ব্যবসা করতেন। সরকার পতনের পর তিনি সন্ত্রাসী কাকন বাহিনী ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের ছত্রছায়ায় বালু ব্যবসা পরিচালনা করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, সোমবার বিকালে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অজ্ঞাত কয়েকজন রহিম মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে ভাঙচুর করে তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রদলের একাংশের কর্মীরা জড়িত দাবি করে মাঝদিয়ার পার্শ্ববর্তী রঙ্গীলা মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে কাকন বাহিনীর সদস্যরা। এতে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ হন।

এ ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আটটি মোটরসাইকেল ও পবিত্র কুরআন পুড়ে যায়।

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির একাংশের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তারা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়। 

সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

গুলিবিদ্ধ নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রদল নেতারা মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।  এ সময় মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। 

এদিকে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের উপস্থিতিতে রহিম মন্ডল (শফির) বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের আরও তিনটি বাড়ি ভস্মীভূত হয়। এ সময় পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়েছেন। কয়েক দফায় হামলা, গোলাগুলি ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

বিয়ে ও সন্তান থাকার অভিযোগে অব্যাহতি, ছাত্রদল নেতার আবেগঘন পোস্ট

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

বিএনপিতে ফেরার জন্য আবেদনই করেননি রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার জন্য আবেদনই করেননি রুমিন ফারহানা

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল: দুলু

আরও পড়ুন

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ

ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘরে ভাঙচুর অগ্নিসংযোগ

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

পুলিশ সদস্য আনোয়ার হত্যা ‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম