পুলিশ সদস্য আনোয়ার হত্যা
‘আমার বাজানডারে মাইরা ফালাইছে’
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও নবাবগঞ্জ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে। আমার স্বামী অনেক আগে মারা গেছে। পাঁচ সন্তানরে কোলে-পিঠে কইরা মানুষ করছি। এখন আমার বুকের ধনটারে কারা কেড়ে নিল!’-এভাবেই বিলাপ করছিলেন নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনের মা হাবিবা। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার নবাবগঞ্জের দত্তখণ্ড গ্রামের বাড়ি।
রোববার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার। তিনি নারায়ণগঞ্জ সদর থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আনোয়ারের বাড়ি নবাবগঞ্জের দত্তখণ্ড গ্রামে।
সোমবার দুপুরে ফতুল্লা থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত করছেন এসআই মো. রফিক। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মাহবুব আলম।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দার দাবি, ঘটনার সময় আনোয়ারকে মাটিতে ফেলে মারধর করছিল কয়েকজন। পরে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা। ওই বাসিন্দা কয়েকজনকে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, ভাগিনা কামালসহ স্থানীয় অপরাধীচক্রের সদস্য হিসাবে শনাক্ত করার দাবি করেন। তার ভাষ্য, ঘটনাস্থলের আশপাশে শহীদ-সবুজ বাহিনীর আরও কয়েকজনকে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পরে পুলিশ গিয়ে আনোয়ারের লাশ উদ্ধার করে। তার বুকের বাঁ পাশে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল।
নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। আনোয়ারের বোন সেলিনা আক্তার বলেন, ঘটনার আগের দিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। মঙ্গলবার বাড়িতে আসার কথা ছিল তার। ছোট ছেলে আব্রাহামের জন্মদিন উপলক্ষ্যেই বাড়ি আসার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাকে ফিরতে হলো লাশ হয়ে। তিনি এএসআই আব্দুস সাত্তারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
নিহতের স্ত্রী বলেন, রাতে স্বামীর ডিউটি ছিল না। তারপরও কেন এএসআই সাত্তার তাকে সঙ্গে নিয়ে গেলেন এবং হামলার সময় তাকে ফেলে চলে এলেন, তা তদন্ত করতে হবে। দুই সন্তানকে নিয়ে এখন কীভাবে চলবেন, সেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। সোমবার জানাজা শেষে আনোয়ারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হাসেমবাগ, দেওভোগ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীচক্রের তৎপরতা চলছে। মাদক ব্যবসায়ীদের কারণে বাসিন্দারা আতঙ্কে থাকেন। এলাকায় সিসি ক্যামেরা বসালেও তা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। এক বাসিন্দার দাবি, অপরাধীদের ব্যবসায় বাধা এড়াতে এলাকায় ক্যামেরা রাখতে দেওয়া হয় না। অনেক বাড়ি ভাড়া হয় না, রাতে তো দূরের কথা, দিনেও মানুষ চলাচলে ভয় পান।
স্থানীয়দের আরও অভিযোগ, শহীদ-সবুজ বাহিনীর বিরুদ্ধে এর আগেও হত্যাকাণ্ড ও অপহরণের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও তারেক রহমান ফাউন্ডেশনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন শহীদ। তিনি বলেন, তার কোনো বাহিনী নেই। প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সংশ্লিষ্টদের অতীত অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ডেভিড হোসেন রিয়াজের বিরুদ্ধে নয়টি এবং কামালের বিরুদ্ধে আগের দুটি মামলা রয়েছে।
