Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চার্লির নীলকুঠি লুট

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আহমদ মুসা রঞ্জু

আহমদ মুসা রঞ্জু

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

Advertisement

খুলনা নগরীর আড়াইশ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনা চার্লির নীলকুঠি। দুই শতাব্দী ধরে কোনো বড় ধরনের মেরামত ছাড়াই টিকে ছিল স্থাপনাটি। অথচ সেই লোহার কাঠামোই দীর্ঘদিন ধরে কেটে কেটে নিঃশেষ করেছে দুর্বৃত্তরা। সবশেষ লুটের তাণ্ডবের অংশ হিসাবে বুধবার রাতে গ্যাস ওয়েল্ডিং করে ছাদের ভারী লোহার কাঠামো খুলে নেওয়া হয়। এর পরই ধসে পড়ে ঐতিহাসিক ভবনটি।

একসময় খুলনার নগরায়ণ, বাণিজ্য ও নৌযোগাযোগের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল চার্লির নীলকুঠি। ইংরেজ নীলকর চার্লি এই ভবনে বসে নীল চাষের কার্যক্রম পরিচালনা করতেন। এখান থেকেই ভৈরব নদের তীরের সাহেবের হাট পরিচালিত হতো। ১৮৮৪ সালে খুলনায় রেলপথ চালুর পর ভবনটি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসাবে ব্যবহৃত হতে শুরু করে। ১৯৪৭ সালে দেশবিভাগের পর রেলওয়ে ও নেভিগেশন কার্যক্রম পৃথক হলে ভবনটি নেভিগেশন বিভাগের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। ১৯৭১ সালের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ভবনটি ৯৯ বছরের জন্য ইজারা নিয়ে আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহার করে। ২০০১ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। খুলনার সমাজকর্মীরা দীর্ঘদিন ভবনের রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিল। তবে তা করায় এখন সেখানে পড়ে আছে ইট, কাঠ, লোহার টুকরো আর ভাঙা অবকাঠামোর ধ্বংসস্তূপ।

স্থানীয়রা জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরেই ভবনের মূল্যবান নির্মাণসামগ্রী লুট করে আসছিল। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান, ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একসময়ের দোতলা বাংলো ধাঁচের ভবনের অস্তিত্ব বলতে পড়ে আছে ইটের স্তূপ, আর ভাঙা কাঠের তক্তা। ছাদের ভার বহনকারী মোটা লোহার পাত ও অন্যান্য কাঠামোর অনেক অংশ নেই। অবশিষ্ট লোহার অংশেও কাটার চিহ্ন দেখা গেছে।

পাশের দোকানদার রহমত উল্লাহ বলেন, দীর্ঘ সময় পরিকল্পিতভাবে এর বিভিন্ন অংশ কেটে নেওয়া হয়েছে। প্রথমে ধারালো যন্ত্র দিয়ে লোহার কাঠামো কাটা হতো। পরে বুধবার রাতে গ্যাস ওয়েল্ডিংয়ের মাধ্যমে ছাদের গুরুত্বপূর্ণ লোহার পাত ও আড়া কেটে নিয়ে যাওয়া হয়। এতে ভবনের ভারসাম্য নষ্ট হয়ে শেষ পর্যন্ত পুরো স্থাপনা ধসে পড়ে। সোমবার ভবনের বিষয়ে জানতে চাইলে ভয়ে কেউ মুখ খোলেনি।

প্রত্যক্ষদর্শীদের একটি সূত্র দাবি করেছে, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী কিছু দুর্বৃত্ত বুধবার দুপুরে ১৫/১৬টি মোটরসাইকেলে এসে মহড়া দিয়ে যায়। এরপর রাতেই ভবনটি ভেঙে পড়ে। তবে এর সঙ্গে সরকারি দলের স্থানীয় কিছু লোকজন জড়িত রয়েছে। তারা প্রকাশ্যে আসেনি।

রেলের সূত্র জানায়, খুলনা বড় বাজারের পাশে রেলওয়ে হাসপাতাল সড়কে প্রায় ৩০ হাজার বর্গফুট বা ৬৫ শতক জমির ওপর ছিল চার্লির নীলকুঠি। স্থানীয়ভাবে এটি খুলনা শহরের প্রথম পাকা ভবন হিসাবে পরিচিত। স্থাপত্যশৈলীর দিক থেকেও এটি ছিল ব্যতিক্রমী। ইটের কলামের ওপর নির্মিত দুইতলা ভবনটির কাঠামোতে ব্যবহার করা হয়েছিল মোটা লোহার পাত। ছাদের রো ও আড়া তৈরি হয়েছিল ভারী লোহার কাঠামো দিয়ে। দ্বিতল ভবনের মেঝে ও বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছিল কাটা গাছের মোটা তক্তা। ছাউনিতে ছিল ইটের টালি। ইট, লোহা ও কাঠের সমন্বয়ে নির্মিত ভবনটি প্রায় দুইশ বছর বড় ধরনের মেরামত ছাড়াই টিকে ছিল বলে স্থানীয়দের দাবি। সময়ের সঙ্গে এর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো দাঁড়িয়ে ছিল। অথচ সেই কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদানগুলোই একে একে খুলে নেওয়া হয়েছে।

রেলওয়ে ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, রেলওয়ের কাছ থেকে জমিসহ ভবনটি ইজারা নিয়ে দীর্ঘদিন ব্যবহার করেছে বিআইডব্লিউটিসি। তবে বকেয়া পাওনা পরিশোধ নিয়ে বিরোধের জেরে ২০২১ সালে বিআইডব্লিউটিসিকে সরিয়ে ভবনের দখল নেয় রেলওয়ে। এরপর থেকে স্থাপনার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে দুই দপ্তরের মধ্যে দায়িত্বের বিষয়টি অস্পষ্ট হয়ে পড়ে। আর সেই সুযোগেই দিনের পর দিন ভবনের বিভিন্ন অংশ লুট হয়েছে।

সোমবার বিআইডব্লিউটিসির ঢাকা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলী আকবরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রেলের দেখাশোনা করার কথা ছিল ভবনটি। সেটা না করায় আজ ধ্বংস হয়ে গেছে।

খুলনা রেলওয়ের কানুনগো মো. ইকবাল মাহমুদ বলেন, স্থাপনাটি বিআইডব্লিউটিসির। তাদেরই এখানে তদারকি করার কথা। তবে কেন তারা করেনি, বলতে পারব না। জায়গার মালিকানা রেলওয়ের হলেও তদারকির দায়িত্ব তাদেরই পড়ে, যেহেতু মূল স্থাপনা তাদের।

অন্যদিকে বিআইডব্লিউটিসির বরিশাল-খুলনা অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন শিকদার বলেন, ২০২১ সালে রেল কর্তৃপক্ষ আমাদের সরিয়ে দখল নেয়। তারা তাদের সাইনবোর্ডও সেখানে লাগিয়ে রেখেছে। এরপর থেকে আমাদের কোনো তদারকি নেই।

লুটপাটের বিষয়ে সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, লুটপাটের বিষয়ে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়াবহ আগুনে নিভে যায় ২৬ প্রাণ সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপান চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম