থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপান
চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ
|
ফলো করুন |
|
|---|---|
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য যাচ্ছে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এজন্য অগ্রিম পাওয়া যাবে মাত্র ১০০ কোটি টাকা, যা প্রকল্প ব্যয়ের মাত্র শূন্য দশমিক ৪৫ শতাংশ। বিনিময়ে দেড় দশকের জন্য টার্মিনাল পরিচালনার কাজ পাচ্ছে বিদেশি কনসোর্টিয়াম। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদিত হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে এ চুক্তি সম্পন্ন হবে। প্রকল্প হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু হবে। চুক্তিতে রাজস্বের ২৭ শতাংশ বাংলাদেশের পাওয়ার কথা বলা হলেও এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ শর্ত। শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো বাণিজ্যিক বেসামরিক বিমানবন্দর চালু করতে পারবে না সরকার। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ করতে পারবে বিমান। এছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ ডলারের বিষয়টিও চুক্তির সঙ্গে যুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই বিকল্প অপারেটর প্রস্তুত না রাখায় সরকার কার্যত একটি নির্দিষ্ট কনসোর্টিয়ামের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে চুক্তির এসব শর্তাবলিতে বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে-সে প্রশ্নটিও সামনে এসেছে।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, থার্ড টার্মিনাল পরিচালনায় শুরু থেকেই বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন ছিল। নির্ধারিত সময়ে টার্মিনাল চালু করা জরুরি। তবে দেশের স্বার্থ এবং অর্থনৈতিক যৌক্তিকতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি এই চুক্তির বিষয়টি মাথায় রাখা দরকার ছিল।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে। তিনি বলেন, কয়েকটি শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সরকার খুব বেশি পিছিয়ে নেই।
সূত্রমতে, সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সোমবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব উপস্থাপন করে। পরে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপকে (এসডব্লিউজি) দায়িত্ব দিতে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
প্রাপ্ত তথ্যমতে, থার্ড টার্মিনাল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য দিতে সরকার অগ্রিম পাবে ৮১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। প্রকল্প ব্যয়ের তুলনায় এই অঙ্ক মাত্র শূন্য দশমিক ৪৫ শতাংশ। চুক্তি অনুযায়ী, যাত্রী পরিবহণের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গোর ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার পাওয়ার কথা রয়েছে।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার। অর্থাৎ এই সময়ের মধ্যে ওই এলাকায় নতুন কোনো বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর ক্ষেত্রে চুক্তিগত বাধা থাকবে।
চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও বিমানের জন্য সীমা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ করতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অংশ অন্য অপারেটরের মাধ্যমে পরিচালনা করবে। গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের অন্যতম বাণিজ্যিক কার্যক্রম। ফলে নতুন টার্মিনালে এই কাজের অর্ধেকের বেশি অন্য প্রতিষ্ঠানের হাতে যাওয়ার সুযোগ তৈরি হলে বিমানের আয় ও বাজারে অবস্থানের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের অন্যতম প্রধান আয়ের উৎস। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অর্ধেকের বেশি গ্রাউন্ড হ্যান্ডলিং অন্য অপারেটরের হাতে চলে গেলে বিমানের রাজস্বে বড় ধরনের প্রভাব পড়বে। এতদিন এ খাতে বিমানের একচ্ছত্র আধিপত্য ছিল। নতুন টার্মিনালে কাজের পরিধি ও সক্ষমতা বাড়লেও ৫০ শতাংশের সীমা নির্ধারণ করায় বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিমান।
যাত্রীর পকেটেও বাড়তি চাপ : তৃতীয় টার্মিনালের চুক্তিতে এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ ডলার আদায়ের কথা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এমবারকেশন ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বহির্গামী যাত্রীপ্রতি বিদ্যমান ৫০০ টাকার পরিবর্তে ৬ ডলার এবং অভ্যন্তরীণ যাত্রীপ্রতি ২৫ টাকার পরিবর্তে ১০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছে। এসব চার্জ টিকিটের সঙ্গে যুক্ত হলে যাত্রীদের ভ্রমণ ব্যয় বাড়বে। ফলে একদিকে নতুন টার্মিনালের পরিচালনা থেকে রাজস্ব আদায়ের ব্যবস্থা হচ্ছে, অন্যদিকে বাড়তি ফি সরাসরি যাত্রীদের ওপর চাপ তৈরি করতে পারে।
সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রস্তাব যাচাই, দরকষাকষি, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও এনবিআর-এর মতামত নেওয়ার পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। এদিকে তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে দুই কোটিতে উন্নীত হবে। কার্গো পরিচালনার সক্ষমতাও কয়েক গুণ বাড়বে।

