নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসরাফিল বিশ্বাসের ছবি সংবলিত একটি পোস্টার ছড়িয়ে পড়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ডেকোরেটর ব্যবসায়ী ইসরাফিল বিশ্বাস। তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন তিনি। জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন—বিভিন্ন নির্বাচনে অংশ নিলেও এখন পর্যন্ত কোনো নির্বাচনেই তার জামানত ফেরত পাওয়ার মতো ভোট পাননি।
ইসরাফিল বিশ্বাস বাঘা পৌরসভার বলিহার গ্রামের বাসিন্দা। পেশায় টিউবওয়েল মিস্ত্রি হলেও পাশাপাশি তিনি ডেকোরেটর ব্যবসা করেন। ১৯৯৬ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে দুই নির্বাচনেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
এ ছাড়া ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন ইসরাফিল। সর্বশেষ ২০২২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বাক্ষরজ্ঞান’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসরাফিল বিশ্বাসের ছবি সংবলিত একটি পোস্টার ছড়িয়ে পড়েছে। পোস্টারে তাকে বাঘা পৌরসভার মেয়র হিসেবে দেখতে চেয়ে তার সততা, যোগ্যতা, ব্যবসায়িক পরিচয় ও সমাজসেবার কথা তুলে ধরা হয়েছে। পোস্টারে প্রচারকারীদের পক্ষ থেকে তার জন্য দোয়া ও সমর্থনও চাওয়া হয়েছে।
বারবার নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে ইসরাফিল বিশ্বাস বলেন, নির্বাচনকে ঘিরে ভোটের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রজন্মকে জানতে হবে, এ দেশে একসময় গণতন্ত্র ও ভোটের রাজনীতি ছিল না। কোনো দিন যদি নির্বাচিত হই, তাহলে সমাজসেবক হিসেবে সবার আগে তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করব।
আগের নির্বাচনগুলোর তুলনায় এবার পৌর নির্বাচনে ভোটাররা তাকে মূল্যায়ন করবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি বলেন, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে ইসরাফিল বিশ্বাসের বারবার অংশগ্রহণের বিষয়ে আমার জানা নেই।

-6ac4e7a571a69.jpg)