সর্বজনীন পেনশন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়; এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় একজন নাগরিক কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অর্থ জমা দেবেন এবং জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি স্কিম রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পেশা অনুযায়ী এসব স্কিমের মধ্যে উপযুক্তটি বেছে নেওয়া যায়। এসব স্কিমের মাধ্যমে শুধু নিজের ভবিষ্যৎ নয়, সন্তানের ভবিষ্যৎও নিরাপদ করার সুযোগ রয়েছে।
তিনি সবাইকে নিজেদের পরিবার-পরিজন ও সহকর্মীদের সরকারি পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিশেষ অতিথির বক্তব্য দেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভার আগে ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬’ উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

-6ac4bfa0bb591.jpg)