Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

পীর শাহজামানের পরগনা বেদখল; মওলানা ভাসানীর আন্দোলনে সন্তোষের জমিদারি উচ্ছেদ

Icon

জাফর আহমেদ, টাঙ্গাইল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল শহরের কাগমারীতে পীর শাহজামান কাশ্মীরির মাজার -যুগান্তর

Advertisement

টাঙ্গাইলের ইতিহাস, ঐতিহ্য ও রাজনৈতিক চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সন্তোষ ও কাগমারীর নাম। কয়েক শতাব্দী আগে পীর শাহজামান কাশ্মীরির জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে জনপদের ঐতিহাসিক পরিচিতি গড়ে উঠেছিল, সময়ের পরিক্রমায় সেই জনপদেই জন্ম নেয় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন। আর সেই আন্দোলনের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার শিক্ষা ও সমাজ পরিবর্তনের স্বপ্নের বাস্তবায়ন না হলেও আজ সন্তোষে প্রতিষ্ঠিত হয়েছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

একটি জনপদের ইতিহাস থেকে আধুনিক উচ্চশিক্ষার প্রতিষ্ঠান-এই দীর্ঘ যাত্রা শুধু ভৌগোলিক পরিবর্তনের গল্প নয়; এটি শিক্ষা, সমাজ সংস্কার, অধিকার প্রতিষ্ঠা ও মানুষের মুক্তির এক ঐতিহাসিক অভিযাত্রা।

জানা যায়, শাহজামান ছিলেন আতিয়া পরগনার শাসনকর্তা বাবা আদম শাহ্ কাশ্মীরির স্নেহে পালিত ভাগ্নে। বাবা কাশ্মীরির অনুরোধেই বাংলার মোগল সুবেদার ইসলাম খাঁ ১৬০৮ সালে কাগমারী পরগনার শাসনকর্তা হিসাবে শাহজামানকে নিযুক্ত করেন। ১৬০৮ সালে কাগমারী পরগনায় শাসনর্কতা নিয়োগের সময় শাহজামানের বয়স ছিল ৩০ বছর। তিনি একটানা ৫০ বছর নিযুক্ত ছিলেন কাগমারী পরগনার শাসকরূপে। তিনি সুবেদার ইসলাম খাঁর আদেশে প্রথম কাগমারীতে ভূমি জরিপ করেছিলেন। প্রজাদের চিকিৎসার জন্য তিনি পরগনার কয়েকটি জায়গায় চিকিৎসক নিয়োগ করে দাওয়াখানা স্থাপন করেন। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, পীর শাহজামান ১৬৬৩ সালে মৃত্যুবরণ করেন। কাগমারীতে তাকে সমাহিত করা হয়। প্রথমে এলাকাবাসীর উদ্যোগে মাজার করা হয়। পরবর্তীতে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে মাজার পরিচালনা করা হয়।

শাহজামান মাজার পরিচালনা কমিটির সদস্য ও মওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক সানু জানান, মাজার পরিচালনার জন্য আট সদস্যের একটি আহ্বায়ক কমিটি রয়েছে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করা হয়। সদস্যদের মাসিক চাঁদা প্রায় ১০ হাজার টাকার মতো। এছাড়াও মাজারের দানবাক্সে দানের টাকা যা আসে, সেখান থেকে মাজারের খাদেম ও তার সহকারীদের বেতন ও পাশের একটি মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। তবে মাজারের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কোনো ধরনের দুর্ঘটনার আগেই মাজার ভবনটি পুনর্নির্মাণ জরুরি। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ও বিভিন্ন ইতিহাস থেকে জানা যায়, বিখ্যাত তাজমহল যিনি নির্মাণ করেছিলেন, সেই সম্রাট শাহজাহানের বন্দিদশায় ১৬৫৯ সালে পুত্র আওরঙ্গজেব পিতার সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন আরোহণের অভিষেক অনুষ্ঠানে সারা ভারতবর্ষের জ্ঞানী, গুণী, পণ্ডিতজনদের সঙ্গে আওরঙ্গজেবের সতীর্থ সুদূর কাশ্মীর থেকে আগত পীর শাহজামান কাশ্মীরিও উপস্থিত ছিলেন। এখানেই তিনি দায়িত্বপ্রাপ্ত হন টাঙ্গাইলের আতিয়া পরগনা এবং মধুপুরের রসুলপুর পরগনার মধ্যবর্তী কাগমারী পরগনার মিশনারি কাজের জন্য। নতুন সম্রাট তাকে তার মিশনারির ব্যয় বহনের জন্য সেদিনের খোশনদপুর (আজকের সন্তোষ) গ্রামসহ ২২টি গ্রাম ওয়াকফ করে তামার পাত্রে লিখে দেন। পীর শাহজামান কাশ্মীরি পার্শ্ববর্তী পরগনার মিশনারি কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে খোশনদপুরকে কেন্দ্রস্থল নির্ধারণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুসাফিরখানা, দাতব্য চিকিৎসালয়, পশু হাসপাতাল পরিচালনা ও সমাজহিতৈষী কাজ শুরু করেন। এ সময় নিঃসন্তান পীর শাহজামান তার মিশনারি কাজের উত্তরসূরি হিসাবে ইন্দ্রনারায়ণ চৌধুরী ওরফে শাহ এনায়েতউল্লাহ চৌধুরীকে মিশনারি কাজে তালিম দিতে থাকেন। ১৭১৮ সালে ৯১ বছর বয়সে পীর শাহজামানের মৃত্যুর পর ৩২ বছর বয়সে মিশনের দ্বিতীয় মোতাওয়াল্লি হিসাবে দায়িত্বভার বুঝে নেন শাহ এনায়েতউল্লাহ চৌধুরী। তার যোগ্য নেতৃত্বে কাগমারী পরগনার মিশনারি কাজ বেশ সফলতার সঙ্গে পরিচালিত হতে লাগল। কিন্তু কিছু দিনের মধ্যেই তার প্রায় সমবয়সি কাকা ব্রজমোহন চৌধুরীর নেতৃত্বে শুরু হয়ে যায় প্রাসাদ ষড়যন্ত্র; যাকে তিনি তার মিশন পরিচালনার কাজে সহযোগী নিয়োজিত করেছিলেন। মিশনারি কাজ যখন প্রায় মধ্যগগনে, শাহ এনায়েতউল্লাহ চৌধুরী হজব্রত পালনের জন্য সৌদি গমন করেন। হজ পালন শেষে দেশে ফেরার পথে যশোরের কোনো এক স্থানে কাকা ব্রজমোহনের গুপ্ত ঘাতকের হাতে তিনি শহীদ হন। এ সময় তার একমাত্র ছেলেকেও হত্যা করা হলে স্ত্রী (যিনি নবাব মুর্শিদকুলী খাঁর পরিবারের সদস্য) মুর্শিদাবাদে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। এরপর ব্রজমোহনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হয়। কিন্তু কারাধ্যক্ষ বিশ্বেশ্বর রায়ের কারসাজিতে ছাড়া পেয়ে ব্রজমোহন মিশনের সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করেন। রাতারাতি খোশনদপুর নাম পাল্টিয়ে ‘সন্তোষ’ নামকরণ করেন। ১৭৯৩ সালে কুখ্যাত চিরস্থায়ী বন্দোবস্তকালে খোশনদপুর ওয়াকফ এস্টেট অভিশপ্ত এক জমিদারিতে রূপান্তরিত হয়। এরপর প্রায় ১৯০ বছর পর (১৭৪০-১৯৩০) ১৯৩১ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী আসাম থেকে সন্তোষে পদার্পণ করেন এবং এই অবৈধ জমিদারি উচ্ছেদের জন্য আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে জমিদারদের পক্ষ থেকে বিশৃঙ্খলার অভিযোগ এনে মওলানা ভাসানীকে প্রধান আসামি করে মামলা রুজু করা হয়। মওলানা ভাসানী ও তার সহকর্মীদের পক্ষে অ্যাডভোকেট খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল মামলা পরিচালনা করেন। সওয়াল-জওয়াব শেষে আদালতের বিচারে সন্তোষের জমিদাররা হেরে যান।

মওলানা ভাসানীর এই বিজয়ে সন্তোষের জমিদাররা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। কৃষক বিদ্রোহের আশঙ্কায় ১৯৩২ সালে ব্রিটিশ সরকারের যোগসাজশে সন্তোষের জমিদারের পাশাপাশি দেলদুয়ার, ধনবাড়ির জমিদারসহ মোট ২২ জন জমিদার একজোট হয়ে ভাসানীকে তদানীন্তন ময়মনসিংহ জেলা থেকে বহিষ্কারাদেশ জারি করান। কিন্তু মওলানা ভাসানী মামলার রায় ও অত্যাচারিত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনের একপর্যায়ে ১৯৩৩ সালে ভাসানীর ওপর দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। তারও অনেক পরে ১৯৪৬ সালে তার নেতৃত্বে ‘পীর শাহজামান দিঘি’ দখলের মধ্য দিয়ে সন্তোষ ফিরে পায় তার হারানো স্বাধীনতা। রক্তপাতহীন যুদ্ধে পুনরুদ্ধার হয় কাগমারী পরগনার ওয়াকফকৃত সম্পত্তি। এখানে স্মর্তব্য যে, দখল পুনরুদ্ধারের পরও মওলানা ভাসানী প্রতিহিংসার বশবর্তী হয়ে জমিদারদের প্রতিষ্ঠিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কোনো ক্ষতি করেননি। বরং পৃষ্ঠপোষকতা করেছেন।

১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের মধ্য দিয়ে মওলানা ভাসানী সন্তোষ-কাগমারীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন এবং সে লক্ষ্যে কাগমারীতে ‘মওলানা মোহাম্মদ আলী কলেজ’ প্রতিষ্ঠা করেন। ১৯৭০ সালে তিনি ‘সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। প্রণয়ন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও রূপরেখা।

১৯৭৪ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। ১৯টি একাডেমি অর্থাৎ অনুষদ ও ৬০টি বিভাগ অনুমোদনের মধ্য দিয়ে এর কাঠামো প্রবর্তিত হয়। যার মধ্যে ৩০টিই প্রত্যক্ষ বিজ্ঞানবিষয়ক। ১৯৭৪ সালের ২৭ জুলাই ১০০ জন ছাত্র থেকে বাছাই করা ১৮ জন ছাত্র নিয়ে শুরু করা হয় থিসিস কোর্স। প্রকল্পের উদ্বোধন করেন মওলানা ভাসানী নিজেই। ওআইসির তৎকালীন মহাসচিব ড. করিম ঘাইকে চিঠি লিখে তিনি ওআইসি প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়টি সন্তোষে করার জন্য অনুরোধ জানান। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তার মৃত্যুর পর সেই স্বপ্ন থমকে দাঁড়ায়। এরপর ১৯৮৩ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ‘সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ’ গঠন করেন। ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন সরকার সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম