Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

Icon

আকতার ফারুক শাহিন, বরিশাল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ফাইল ছবি

Advertisement

দেশের মোট জিডিপির ২ দশমিক ৫৮ ভাগের জোগান দেয় মৎস্য খাত। কিন্তু এর সঙ্গে জড়িত জেলে-ট্রলার মালিক কিংবা আড়তদারকে ঋণ দেয় না কোনো ব্যাংক। মাছ ধরতে নদী-সাগরে যাওয়া ট্রলার-জালের বিমাও করে না কেউ। ফলে দুর্ঘটনায় ট্রলার ডুবলে সঙ্গে ডোবে উপকূলের জেলের স্বপ্ন। নিঃস্ব হয়ে পথে নামেন অনেকে। কেউ কেউ আবার পালিয়ে যান দেনার দায়ে। এমন বহু ঘটনা আছে সাগরপাড়ে। শুধু ব্যাংক ঋণ আর বিমা সুবিধা না পাওয়াই নয়, ব্যবসা পরিচালনার প্রশ্নে সরকারিভাবেও কোনো সহায়তা পান না ট্রলার মালিক আর জেলে। জীবন বাজি রেখে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পরও কেন এই অবহেলা-উপকূলের মানুষ সে প্রশ্নের উত্তর খুঁজে পায় না।

পটুয়াখালীর সাগরপাড়ের মহিপুর ইউনিয়নের নিভৃত গ্রাম সেরাজপুর। ধারদেনা আর জমি বিক্রি করে একটি মাছ ধরার ট্রলার বানিয়েছিলেন এর বাসিন্দা হানিফ গাজী। এক ঝড়ে সাগরে ডুবে যায় সেই ট্রলার। সব হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। যুগান্তরকে হানিফ বলেন, ‘দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে এমন কাজ নেই যা করিনি। বালির জাহাজে মজদুরি দেওয়া থেকে শুরু করে মানুষের জমিতে কামলা পর্যন্ত খেটেছি। এখনো মানুষ অনেক টাকা পাবে, শোধ করতে পারছি না।’

বরগুনার পাথরঘাটা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক দুলাল মাস্টার বলেন, বহু মালিক রয়েছেন যারা সাগরে ট্রলারডুবির পর ধারদেনা শোধ করতে না পেরে চলে গেছেন এলাকা ছেড়ে। অথচ দুর্ঘটনার পর সরকারি সহায়তা কিংবা ব্যাংক ঋণের ব্যবস্থা থাকলে এই দুর্দশা হতো না তাদের। অন্তত ট্রলার-জালের বিমা করার ব্যবস্থা থাকলেও বেঁচে যেত এসব পরিবার।’

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মাছ ধরার ট্রলার ৩০ হাজার ৩১৭টি। এর মধ্যে ২৫ হাজার ৩৪৬টির রয়েছে নিবন্ধন। নিবন্ধিত ট্রলারের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে চলে ২৬৪টি। বাকি ৩০ হাজার ৫৩টিকে ধরা হয় কুটিরশিল্পে নির্মিত ট্রলার। মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী বলেন, ‘সরকারি এই হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি ট্রলার মাছ ধরে নদী-সাগরে। সেগুলো নিবন্ধিত নয়। নিবন্ধন প্রশ্নে আকার অনুযায়ী ট্রলারপ্রতি ৬ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত দিতে হয় সরকারকে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রামের রেজিস্ট্রার দপ্তর থেকে ওই নিবন্ধন নেই আমরা। সঙ্গে নিতে হয় সার্ভে সনদ। ৩ বছর পরপর আবার নবায়ন করতে হয় নিবন্ধন। এই নবায়নে ট্রলারপ্রতি সরকারকে দিতে হয় ১৭ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা। তার মানে রাজস্ব দিয়ে সাগরে মাছ ধরে ট্রলারগুলো। শুধু মৎস্য খাত নয়, পরিবহণ-শিল্প কলকারখানাসহ অন্য সব সেক্টরেও একই পদ্ধতি। দুঃখজনক হলো, অন্য সব খাতে সরকারি-বেসরকারি সহায়তা ভর্তুকি-ঋণের সুবিধা থাকলেও ট্রলার-জাল কিংবা মৎস্য খাতে নেই কিছুই। ফলে শতকরা একশ ভাগ ঝুঁকি নিয়ে এই খাতে বিনিয়োগ করতে হয় আমাদের।’

ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা আলমাস মাঝি বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার নির্মাণে ৩০-৩৫ লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত খরচ হয়। এই টাকা জোগাড় আমাদের নিজেদের করতে হয়। পরিবহণসহ অন্য যে কোনো ব্যবসায় ব্যাংক ঋণ মেলে। কিন্তু দ্বারে দ্বারে ঘুরলেও ট্রলার মালিক-জেলেদের ঋণ দেয় না কোনো ব্যাংক। এমনকি ট্রলার-জালের ইন্স্যুরেন্সও করে না কোনো বিমা কোম্পানি। বিমা করা গেলে অন্তত সাগরে ট্রলার ডোবার পর ক্ষতিপূরণটুকু পেতাম। সামলে উঠতে পারতাম ক্ষতি। জমি বন্ধক আর নিয়মিত কিস্তি দিয়ে হলেও ঋণ নিতে বিমা করতে প্রস্তুত আমরা। কিন্তু সেই সুযোগ দেয় না কেউ।’ পিরোজপুরের চরদোয়ানীর মৎস্য আড়তদার মিলন মোল্লা বলেন, ‘সাগর-নদীতে মাছ ধরার ওপর যখন নিষেধাজ্ঞা চলে তখন জেলেদের মাসে ২০ কেজি করে চাল দেয় সরকার। এর বাইরে সরকারিভাবে আর কোনো সহায়তা দেওয়ার নজির নেই। সাগরে ট্রলার ডুবে একটি পরিবার যখন নিঃস্ব হয় তখনো মেলে না কোনো সরকারি সহায়তা। অথচ বিমার সুযোগ থাকায় অগ্নিকাণ্ড থেকে শুরু করে যে কোনো বিপর্যয়ে সহযোগিতা পায় অন্যান্য খাতের ব্যবসায়ীরা। ভর্তুকি দেওয়াসহ বিশেষ ঋণ আর বরাদ্দের ব্যবস্থা পর্যন্ত থাকে তাদের জন্য। শুধু মৎস্য খাতের প্রতি নেই কারও কোনো নজর।’

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, ‘মৎস্য খাতে ঋণ সহায়তা ও ট্রলার জালের বিপরীতে বিমা সুবিধার দাবিতে বহু আন্দোলন-সংগ্রাম করেছি। নৌপরিবহণ, অর্থ-মৎস্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে স্মারকলিপি। আমাদের দাবি কানে তোলেননি কেউ। যুগ যুগ ধরে অবহেলিত রাখা হয়েছে এই সেক্টর।’

ট্রলার-জাল খাতে কেন ঋণ দেওয়া হয় না জানতে চাইলে সোনালী ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক মাসুম বিল্লাহ বলেন, ‘ট্রলার-জাল খাতে ঋণ দেওয়ার কোনো নীতিমালা আমরা পাইনি। তাছাড়া এটিতো স্থিতিশীল খাত নয়। তারপরও কোনো ট্রলার মালিক কিংবা জেলে যদি ঋণের জন্য আসে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’ আল আরাফাহ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ব্যবস্থাপক রেজাউল হক বলেন, ‘ট্রলার নির্মাণ খাতে ঋণ দেওয়ার কোনো পলিসি আমাদের নেই।’ রূপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক পবিত্র মিত্র বলেন, ‘এই খাতে ঋণ দেওয়ার কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে অবশ্যই ঋণ দেব।’

নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির জেনারেল শাখার ভাইস প্রেসিডেন্ট আবু সালেহ বলেন, ‘ট্রলার কিংবা জালের বিমা করার কোনো নিয়ম নেই আমাদের। অন্য কোনো বিমা কোম্পানি এটা করে বলেও জানা নেই। ট্রলার তো সাগরে মাছ ধরতে যায়। এগুলো যে কোনো সময় ডুবে যেতে পারে। এজন্যেই হয়তো ট্রলার-জালের বিমা করার কোনো সিদ্ধান্ত নেই বিমা কোম্পানিগুলোর।’ বরিশাল মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘এই সমস্যা বহুদিনের। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসে প্রতিবছর শত শত ট্রলার ডুবে যায়। সেজন্যেই হয়তো ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এই খাতে ঝুঁকি নেয় না। আর সরকারের তো ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে বর্তমানে দেশে একটি জেলে ব্যাংক করার বিষয়ে ভাবছে সরকার। এই ব্যাংক হলে মৎস্য সেক্টরের সঙ্গে জড়িতদের ঋণ পাওয়াসহ বিরাজমান জটিলতা দূর হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

বঙ্গোপসাগরে লঘুচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম