ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: উইন্ডিডটকম
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। পরে এটি আরও শক্তিশালী হয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথও প্রকাশ করেছে সংস্থাটি। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এগোবে, তা এখনো নিশ্চিত নয়।
আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।
এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রের ওপর ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের দিকে এগোতে পারে, সে বিষয়ে এখনো কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি। নিম্নচাপটি আরও ঘনীভূত হলে এর গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তবে আবহাওয়াবিষয়ক লাইভ ট্র্যাকিং সাইট উইন্ডিডটকমের তথ্য বলছে, আগামী ১৯ নভেম্বর রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। সূত্র: ওড়িশা টিভি

