ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
মুকেশ আম্বানি, সাবিত্রী জিন্দাল ও গৌতম আদানি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রুপির দরপতন এবং নানা অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও ভারতে নতুন করে ৩০ জন বিলিয়নিয়ার হয়েছেন। এতে ফোর্বসের বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে রেকর্ড ২২৯ জনে দাঁড়িয়েছে। এসব ধনকুবেরের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। তাদের মধ্যে শীর্ষ ১০ ধনীর সম্পদ ৩৬ হাজার ৮০০ কোটি ডলার, যা দেশটির সব বিলিয়নিয়ারের মোট সম্পদের এক-তৃতীয়াংশের বেশি।
২০২৬ সালের ১০ মার্চ প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, গত বছর ভারতের বিলিয়নিয়ারের সংখ্যা ছিল ২০৫ জন। এবার তা বেড়ে হয়েছে ২২৯ জন। ভারতীয় ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ২০২৫ সালের ৯৪ হাজার ১০০ কোটি ডলার থেকে বেড়ে ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। শীর্ষ ১০ ধনীর সম্পদ গত বছরের তুলনায় ৩ হাজার ২০০ কোটি ডলার বেড়ে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।
গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ফোর্বসের তালিকায়ও তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ একই রয়েছে।
ভারতের শীর্ষ ১০ ধনীর তালিকা
১. গৌতম আদানি
ভারতের শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানি। আদানি গ্রুপের চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ ১১২.৭ বিলিয়ন ডলার। মূলত বন্দর, বিমানবন্দর, জ্বালানি, আবাসন খাতে বড় বিনিয়োগ রয়েছে গুজরাটের এই ব্যবসায়ীর।
২. মুকেশ আম্বানি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার। তেল, গ্যাস, টেলিকম, মিডিয়াসহ বিভিন্ন খাতে এই গুজরাটি ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে।
৩. সাবিত্রী জিন্দাল
ওপি জিন্দাল গ্রুপের প্রধান সাবিত্রী জিন্দাল ভারতের তৃতীয় ধনী ব্যক্তি এবং দেশটির সবচেয়ে ধনী নারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। সাবিত্রী জিন্দালের সম্পদের পরিমাণ ৩৯.৮ বিলিয়ন ডলার। ইস্পাত, জ্বালানি, সিমেন্ট ও অবকাঠামো খাতে বিশাল বিনিয়োগ রয়েছে তার কোম্পানির। তিনি প্রয়াত ব্যবসায়ী ওম প্রকাশ জিন্দালের স্ত্রী।
৪. লক্ষ্মী মিত্তাল
ভারতের চতুর্থ ধনী ব্যক্তি ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। তার সম্পদের পরিমাণ ৩৪.৭ বিলিয়ন ডলার।
৫. সুনীল মিত্তাল
পঞ্চম অবস্থানে থাকা সুনীল মিত্তাল টেলিকম ব্যবসায়ী। তার ভারতীয় এয়ারটেল ৬০ কোটির বেশি গ্রাহক রয়েছে ভারত ও আফ্রিকায়। তার সম্পদের পরিমাণ ৩২.৯ বিলিয়ন ডলার।
৬. সাইরাস পুনেওয়ালা
ভারতের টিকা নির্মাতা প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউ অব ইন্ডিয়ার মালিক সাইরাস পুনেওয়ালা ভারতের ষষ্ঠ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ২৮.৪ বিলিয়ন ডলার।
৭. শিব নাদার
ভারতের তথ্য-প্রযুক্তি খাতের পথিকৃৎ শিব নাদার তালিকায় সপ্তম অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ২৭.৪ বিলিয়ন ডলার।
৮. দিলীপ সাংভি
ভারতের অন্যতম বড় ওষুধ উৎপাদক সান ফার্মাসিউটিক্যালসের মালিক দিলীপ সাংভি তালিকায় অষ্টম অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ২৬.৩ বিলিয়ন ডলার।
৯. কুমার বিরলা
নিত্যপণ্যের রাজাখ্যাত কুমার বিরলা ভারতের শীর্ষ ধনীর তালিকায় নবম স্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ২৩.২ বিলিয়ন ডলার।
১০. হিন্দুজা পরিবার
ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি হিন্দুজা গ্রুপ তালিকায় দশম অবস্থানে আছে। তাদের মোট সম্পদের পরিমাণ ২১.২ বিলিয়ন ডলার।

