দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে স্থানান্তরিত একটি বাঘিনীর তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনায় বাঘ পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। বাঘিনীটির স্থানান্তর প্রক্রিয়ায় পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বিহারের বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের বক্সায় আনা তিন বছর বয়সি রয়েল বেঙ্গল বাঘিনীটির নাম রাখা হয়েছিল ‘ডুয়ার্স রানি’। তবে নতুন আবাসে যাওয়ার পর থেকেই নানা সমস্যায় পড়েছে সে। প্রথমে পাশের রাজ্য আসামে চলে যাওয়া এবং পরে বক্সায় ফিরিয়ে আনার পর ঘের থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় বাঘিনীটি ‘পলাতক রানি’ নামেও পরিচিতি পায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর রাতে টি-১৩৮ নম্বরের বাঘিনীটির প্রায় দুই মাস বয়সি তিনটি ভ্রূণ নষ্ট হয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে বাল্মীকি থেকে বাঘিনীটিকে ধরে অচেতন করে বক্সায় স্থানান্তর করা হয়েছিল। এ সময় ছয়জন পশুচিকিৎসক ও বিশেষজ্ঞের একটি দল তার স্বাস্থ্য পরীক্ষা করেন। তবে স্থানান্তরের আগে করা পরীক্ষায় বাঘিনীটির গর্ভধারণের বিষয়টি শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট দলের এক সদস্য জানিয়েছেন, বনে থাকা অবস্থায় বাঘিনীটিকে বাছাই করার সময় তার গর্ভধারণের বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, স্থানান্তরের প্রথম ১৭ ঘণ্টার যাত্রায় বাঘিনীটিকে দুইবার অচেতন করতে হয়েছিল। বক্সায় ছেড়ে দেওয়ার পর সে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসামের রাইমোনা জাতীয় উদ্যানে প্রবেশ করে। পরে খুঁজে বের করে তাকে পুনরায় ধরে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হয়। এর কয়েক দিনের মধ্যেই তার তিনটি ভ্রূণ নষ্ট হওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রগুলো ভ্রূণ নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পরীক্ষার জন্য ভ্রূণগুলো সংরক্ষণ করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী দল এবং রাজ্য পর্যায়ে একটি কমিটি কাজ করছে।
বাঘিনীটিকে ধরে অচেতন করা, দীর্ঘ পথ পরিবহন এবং পরে আবার ধরার মতো ঘটনাগুলোর ধকল ভ্রূণ নষ্ট হওয়ার পেছনে ভূমিকা রেখেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব ঘটনার সঙ্গে গর্ভপাতের সরাসরি কোনো সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে গিয়ে তাড়াহুড়ো করা হয়েছিল কি না, তা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাঘিনী স্থানান্তরের প্রস্তুতি দীর্ঘদিন ধীরগতিতে চললেও শেষ মুহূর্তে কার্যক্রমে গতি আসে। ২ অক্টোবরের মধ্যে বাঘিনীটিকে বক্সায় নিয়ে আসাই ছিল সংশ্লিষ্টদের অন্যতম লক্ষ্য।
আসাম থেকে ফিরিয়ে আনার পর বাঘিনীটিকে যে ঘেরে রাখা হয়েছিল, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, বাঘের জন্য বিশেষভাবে তৈরি অভ্যস্তকরণ কেন্দ্রের পরিবর্তে মূলত হরিণ রাখার উপযোগী একটি ঘের ব্যবহার করা হয়েছিল। বন বিভাগের সূত্রের দাবি, নতুন ঘের নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় বিদ্যমান অবকাঠামো দিয়েই পরিস্থিতি সামাল দিতে হয়েছে।
এ ছাড়া ঘেরের সীমানার নিচে মাটি খুঁড়ে বাঘিনীটি পালিয়ে গিয়েছিল বলে কিছু অনিশ্চিত তথ্য পাওয়া গেছে। তবে ঘের থেকে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত।
বর্তমানে বাঘিনীটি বক্সা বনাঞ্চলেই রয়েছে। রেডিও কলারের সংকেতের মাধ্যমে তার অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে প্রায় ৬০ জন বনকর্মী এবং তিনটি প্রশিক্ষিত হাতি মোতায়েন করা হয়েছে।

-6af82904a7e96.jpg)