বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় তিনি সপ্তম অবস্থানে রয়েছেন।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক বার্ষিক প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে।
তালিকায় মুফতি তাকি উসমানিকে হাদিস, ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামি অর্থনীতির অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি দেওবন্দি ধারার একজন প্রভাবশালী আলেম এবং বিশ্বজুড়ে ইসলামি শিক্ষাঙ্গনে তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
প্রকাশনার তথ্যমতে, ২০২৬ সালের তালিকায় তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। এর আগে ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম অবস্থানে ছিলেন তিনি। অর্থাৎ গত কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন এই আলেম।
১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফির ছেলে। তার বাবা করাচিতে দারুল উলুম প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি ইসলামি শিক্ষা, গবেষণা ও ফিকহ চর্চায় আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন।
১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইসলামি ব্যাংকিং ও অর্থব্যবস্থার বিকাশেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বের এক ডজনের বেশি ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের প্রধান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তার ১৪৩টির বেশি বই রয়েছে। পবিত্র কোরআনের ইংরেজি ও উর্দু অনুবাদের পাশাপাশি সহিহ মুসলিমের ছয় খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থও রচনা করেছেন তিনি।
২০২৬ সালের জুলাইয়ে পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর বৃহত্তম ফেডারেশন ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন মুফতি তাকি উসমানি। ২০১৯ সালে পাকিস্তান সরকার তাকে দেশটির অন্যতম বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ প্রদান করে।
প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়।

-6af8277938ca0.jpg)