‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে বাংলাদেশ। সেই দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। গোল করেছেন, করিয়েওছেন, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তবে পাকিস্তান অধিনায়ক ইউসুফ ইজাজ বাট তাকে নিয়ে যেন মাইন্ড গেমই খেলতে চাইলেন। জানালেন, হামজা চৌধুরীকে নিয়ে কোনো ভাবনাই নেই তার দলের।
হামজা ও ফারহান আলী ওয়াহিদের যোগ দেওয়ায় শক্তি বেড়েছে বাংলাদেশের। পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, শেষ চারের ম্যাচের আগে পাকিস্তানও পাঁচজন প্রবাসী খেলোয়াড় দলে পেয়েছে। হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে বাট বলেন, ‘হামজাকে নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি ভাবছি আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলার কথা। ওরা ভালো খেলোয়াড়, কিন্তু আমাদেরও খুব ভালো খেলোয়াড় আছে।’
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩–২ গোলে হেরে শুরু করে পাকিস্তান। এরপর মালদ্বীপকে ৩–০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। ওই দুই ম্যাচে তাদের কয়েকজন মূল খেলোয়াড় ছিলেন না। ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরুর পর বিদেশে খেলা পাঁচ নিয়মিত খেলোয়াড় দলে যোগ দেন। তারা হলেন আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলেমান, আলী আকবর খান, আদিল নবি ও আবদুস সামাদ আরশাদ।
সুইডেনে খেলা সেন্টার-ব্যাক ইকবালের আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের অভিজ্ঞতা। ইংল্যান্ডের যুব দলে খেলা সুলেমান এখন আজারবাইজানের সুমগাইত এফকের খেলোয়াড়। তিনি রক্ষণে বাড়তি বিকল্প দেবেন। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের একাডেমির সাবেক খেলোয়াড় আদিল নবি এখন খেলছেন গ্রিসে। তিনি মাঝমাঠ শক্ত করবেন। ডেনমার্কভিত্তিক আক্রমণভাগের খেলোয়াড় আবদুস সামাদ ও ফরোয়ার্ড আলী আকবর খান আক্রমণে বাড়তি বিকল্প দেবেন।
শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সাংবাদিকদের বাট বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের আছেন আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলেমান, আদিল নবি, আবদুল আরশাদ। আমার মনে হয়, ওরা অসাধারণ খেলোয়াড়। আমি নিশ্চিত, আমাদেরও অসাধারণ খেলোয়াড় থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। তাই এই পাঁচ ছেলে দলে এসে সাহায্য করতে পারবে। তবে সবকিছুই দলের জন্য, কোনো একজনের জন্য নয়। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সেরাটা দেব। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’
ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেননি বাট। তবে সেমিফাইনালে ভিএআর আসায় তিনি খুশি। তার বিশ্বাস, স্বাগতিকদের বিপক্ষে খেলার চাপ এতে কিছুটা কমবে। বাট বলেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান সব সময় ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে (ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে) ওরা একটি আত্মঘাতী গোলে ভাগ্যের জোরে জিতেছিল।’
তিনি আরও বলেন, ‘এবার আমরা জানি, বাংলাদেশের দর্শকদের কাছ থেকে ভালো চাপ থাকবে। তবে ব্যক্তিগতভাবে আমি খুশি যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকবে। এটা আমাদের জন্য বড় সহায়তা হবে। স্বাগতিক দল দর্শকদের সামনে খেললে অনেক চাপ থাকে। আমি খুশি যে এতে বিষয়টা একটু বেশি গোছানো হবে। তাই আমি অপেক্ষায় আছি।’
বাট ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পেতে চান। তবে তার মনোযোগ এখন বাংলাদেশ ম্যাচেই। তিনি বলেন, ‘আশা করি তা-ই হবে। ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। কারণ গত ১২-১৩ বছরে ওদের বিপক্ষে আমরা খুবই, খুবই, খুবই বাজে একটি ম্যাচ খেলেছি। কিন্তু একবারে একটি ম্যাচ। এখন বাংলাদেশ।’
