ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে কেন?
বিবিসি বাংলা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসায় বারবার ইনজেকশন প্রয়োগের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে ‘ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ’ ইনজেকশন। এটি মূলত রেটিনার কিছু রোগ এবং দৃষ্টিশক্তি-সংক্রান্ত জটিলতা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ইমরান খানের চিকিৎসা চলছে।
কর্তৃপক্ষের দাবি, গত ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাঁকে পিমস হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, চক্ষুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চোখের পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফল স্বাভাবিক ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, রোগীর সম্মতি নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসা প্রটোকল অনুসরণ করে চক্ষুরোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে। তবে তার নির্দিষ্ট রোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগেও ইমরান খানকে একাধিকবার একই ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে।
হাসপাতালের বিবৃতি অনুযায়ী, রাত আড়াইটার দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় পরবর্তী চিকিৎসা ও ফলোআপের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। হাসপাতালের এক কর্মকর্তার ভাষ্য, প্রায় দেড় ঘণ্টা সেখানে রাখার পর তাকে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে ইমরান খানের চিকিৎসার সর্বশেষ তথ্য প্রকাশের পর তার স্বাস্থ্য ও চিকিৎসাসুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির বিবৃতিতে বলা হয়েছে, কোনো মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। একজন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসাও কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যায় না।
পিটিআই ইমরান খানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তার সঙ্গে অবিলম্বে এবং বাধাহীনভাবে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে পাকিস্তান সরকারের দাবি, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি।
ইমরান খানের চোখে ব্যবহৃত ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন কী, কোন রোগে এটি দেওয়া হয় এবং কীভাবে এই চিকিৎসা সম্পন্ন করা হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে বিবিসি।
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন কী?
সরকার ও ইমরান খানের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন বা সিআরভিওতে আক্রান্ত হওয়ার কারণে তার ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, রেটিনাল ভেইন অক্লুশন হলো চোখের রেটিনার শিরায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়া। সাধারণত রক্ত জমাট বাঁধার কারণে এ সমস্যা দেখা দেয়। বয়স্ক ব্যক্তিদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ এটি।
চোখের পেছনের দিকে অবস্থিত আলোকসংবেদনশীল সূক্ষ্ম স্তরকে রেটিনা বলা হয়। এটি ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। চোখে প্রবেশ করা আলো রেটিনায় প্রতিফলিত হয়ে মস্তিষ্কে সংকেত পাঠায়, যার মাধ্যমে মানুষ দেখতে পায়।
রেটিনার শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে সেখানে রক্ত ও তরল জমতে পারে। এতে রেটিনায় রক্তক্ষরণ, ফোলাভাব এবং অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। ফলে আলোকসংবেদনশীল কোষগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
এনএইচএসের মতে, ৬০ বছরের কম বয়সীদের মধ্যে এ রোগ তুলনামূলক কম দেখা যায়।
রেটিনাল ভেইন অক্লুশন প্রধানত দুই ধরনের। এর একটি হলো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও), যেখানে রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এ ধরনের সমস্যায় দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেন, রোগীর শারীরিক অবস্থা ও চোখের ক্ষতির মাত্রা অনুযায়ী এ রোগের উপসর্গ ভিন্ন হতে পারে।
তার ভাষ্য, রেটিনার রক্তনালি বন্ধ হয়ে গেলে অনেক ক্ষেত্রে চোখের বিভিন্ন স্থানে রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। কিছু রোগীর দৃষ্টিশক্তি এতটাই কমে যায় যে তাঁরা আলো পর্যন্ত দেখতে পান না। আবার কারও ক্ষেত্রে দৃষ্টিশক্তি তুলনামূলক ভালো থাকতে পারে।
তিনি আরও বলেন, রোগটি প্রথম শনাক্ত হওয়ার সময় দৃষ্টিশক্তি যত বেশি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তী সময়ে তা পুনরুদ্ধারের সম্ভাবনা তত কমে যায়।
ইনজেকশনভিত্তিক চিকিৎসা কীভাবে কাজ করে?
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের কারণে সৃষ্ট কিছু জটিলতা নিয়ন্ত্রণে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন ব্যবহার করা হয়।
এনএইচএসের তথ্য অনুযায়ী, ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন হলো এমন একটি চিকিৎসাপদ্ধতি, যার মাধ্যমে চোখের ভেতরের ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে সরাসরি ওষুধ প্রয়োগ করা হয়। এতে ওষুধ আক্রান্ত স্থানের কাছাকাছি পৌঁছাতে পারে।
অ্যান্টি-ভিইজিএফ ওষুধের কাজ হলো ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বা ভিইজিএফ নামের একটি প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করা। এই প্রোটিন চোখে অস্বাভাবিক নতুন রক্তনালি তৈরিতে ভূমিকা রাখে।
ওষুধটি প্রয়োগের ফলে অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি এবং সেখান থেকে তরল নিঃসরণ কমানো সম্ভব হয়। এর মাধ্যমে রেটিনার ফোলাভাব নিয়ন্ত্রণে রাখা এবং দৃষ্টিশক্তির আরও অবনতি ঠেকাতে সহায়তা করা হয়।
ডা. হিরা আওয়াইস জানান, এ রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের অ্যান্টি-ভিইজিএফ ওষুধ রয়েছে। রোগীর অবস্থা অনুযায়ী কাউকে প্রতি মাসে ইনজেকশন দিতে হতে পারে। আবার কারও ক্ষেত্রে নির্দিষ্ট বিরতি দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে রেটিনার পুরুত্ব, ফোলাভাব এবং সেখানে তরল জমার পরিমাণ নির্ণয় করা যায়।
ইনজেকশন দেওয়ার পর রেটিনার অবস্থার উন্নতি হলেও যদি ফোলাভাব থেকে যায়, তাহলে রোগীকে আবার ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে।
ডা. হিরার মতে, কিছু ইনজেকশনের কার্যকারিতা ৬০ দিন পর মূল্যায়ন করা হয়। আবার কিছু ক্ষেত্রে রোগীকে প্রতি মাসে ফলোআপে রাখা হয়।
অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের দুটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। প্রথমত, এটি রেটিনায় জমে থাকা তরল ও ফোলাভাব কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত, রক্ত সরবরাহে বাধার কারণে সৃষ্ট অক্সিজেনের ঘাটতি থেকে উদ্ভূত কিছু জটিলতা প্রতিরোধে ভূমিকা রাখে।
রেটিনায় রক্ত সরবরাহ কমে গেলে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ইস্কেমিয়া বলা হয়।
এ অবস্থায় রেটিনা প্রয়োজনীয় অক্সিজেন না পেলে নতুন রক্তনালি তৈরির প্রক্রিয়া শুরু করতে পারে। তবে এসব নতুন রক্তনালি সাধারণত দুর্বল হয়। ফলে সহজেই রক্তক্ষরণ হতে পারে। এমনকি রেটিনায় টান সৃষ্টি করে আরও জটিলতা তৈরি করতে পারে।
ডা. হিরা বলেন, অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের মাধ্যমে অস্বাভাবিক নতুন রক্তনালির বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রেটিনার ফোলাভাব কমানোর চেষ্টা করা হয়। দৃষ্টিশক্তি সংরক্ষণে এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ।
চোখে ইনজেকশন কীভাবে দেওয়া হয়?
এনএইচএসের তথ্য অনুযায়ী, অ্যান্টি-ভিইজিএফ ওষুধ চোখের ভেতরে ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। পুরো চিকিৎসাপদ্ধতি সম্পন্ন করতে সাধারণত প্রায় ১৫ মিনিট সময় লাগে।
ইনজেকশন প্রয়োগের মূল কাজটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয় এবং সাধারণত এতে খুব বেশি ব্যথা অনুভূত হয় না।
প্রথমে রোগীকে আরামদায়ক অবস্থায় বসানো বা শোয়ানো হয়। এরপর চোখ অবশ করার জন্য কয়েক ফোঁটা বিশেষ ড্রপ দেওয়া হয়। চোখের চারপাশ জীবাণুমুক্তভাবে পরিষ্কার করার পর চোখের পাতা খোলা রাখতে স্পেকুলাম নামের একটি ছোট যন্ত্র ব্যবহার করা হয়।
এরপর সূক্ষ্ম সুচের মাধ্যমে চোখের নির্দিষ্ট স্থানে ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসা শেষে চোখে লুব্রিকেটিং ড্রপ দেওয়া হতে পারে।
এনএইচএসের মতে, অধিকাংশ রোগী চিকিৎসা শেষে এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। তবে কিছু ক্ষেত্রে চোখের অভ্যন্তরীণ চাপ পরীক্ষা করার জন্য রোগীকে কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস জানান, এ চিকিৎসার জন্য সাধারণত রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। অনেক দেশে ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারেও যথাযথ জীবাণুমুক্ত পরিবেশে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
তবে পাকিস্তানে সাধারণত মাইনর অপারেশন থিয়েটার বা মাইনর ওটিতে এ ইনজেকশন দেওয়া হয়। সেখানে রোগীকে নিয়ে গিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চিকিৎসা সম্পন্ন করা হয়।

