ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার হয়ে আজই প্রথমবার ওয়ানডে খেলতে নেমেছেন। আর তাতেই ইতিহাস গড়ে ফেলেছেন মাহলি বিয়ার্ডম্যান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) পার্থের অপটাস স্টেডিয়ামে ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন। তুলে নিয়েছেন ৬ উইকেট, ইংলিশরা তাতে অলআউট হয়ে গেছে ১৩৩ রানে। তিনি নিজে ভেঙে দিয়েছেন ৩৮ বছরের পুরোনো এক রেকর্ড।
অভিষিক্ত কোনো বোলার ধসিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে, তুলে নিচ্ছে ৫ উইকেট… অস্ট্রেলিয়া এমন নজির দেখেছে আর ১ বার। ১৯৮৮ সালের ২ জানুয়ারি পার্থের ওয়াকায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় টনি ডোডেমেইডের। তিনি ৭.২ ওভারে ২১ রানে নেন ৫ উইকেট।
এরপর থেকে এখন পর্যন্ত এই রেকর্ডটা ছিল তার দখলে। ৬ উইকেট নিয়ে এখন অস্ট্রেলিয়ার ইতিহাসে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডটা নিজের করে নিলেন বিয়ার্ডম্যান।
ওয়ানডে অভিষেকের আগে তিনি ১১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। তাতে উইকেট ছিল ২১টি। অভিষেকেও আরও বিধ্বংসী হয়ে আবির্ভূত হলেন তিনি।
ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক হ্যারি ব্রুককে আউট করে প্রথম উইকেট পান বিয়ার্ডম্যান। পরের দুই ওভারে তুলে নেন জো রুট, জর্ডান কক্স ও স্যাম কারানের উইকেট। ১৮তম ওভারের চতুর্থ বলে লিয়াম ডসনকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিংয়ের তালিকায় বিয়ার্ডম্যান ও ডোডেমেইডের পর আছেন জেভিয়ার বার্টলেট। তিনি ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এরপর আছেন স্টুয়ার্ট ম্যাকগিল, কার্ল র্যাকেম্যান ও জেভিয়ার ডোহার্টি। তাঁরা প্রত্যেকে নিয়েছিলেন ৪টি করে উইকেট।
তবে অভিষেক ওয়ানডেতে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলের। ২০২৪ সালের ২২ জুলাই ডান্ডিতে ওমানের বিপক্ষে তিনি ২১ রানে নিয়েছিলেন ৭ উইকেট। এখন পর্যন্ত বিশ্বে তিনজন বোলার অভিষেকে ছয় উইকেট পেয়েছেন। তাঁরা হলেন কাগিসো রাবাদা, ফিদেল এডওয়ার্ডস ও লাইল রবার্টসন।
