বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস।
|
ফলো করুন |
|
|---|---|
দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিসের। পিঠের অস্ত্রোপচারের কারণে দীর্ঘ ১৮ মাস মাঠের বাইরে থাকার পর গত শনিবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তবে প্রত্যাবর্তনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। নিজের বাগদান অনুষ্ঠানে দুর্ঘটনায় বাম হাতে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন ২৮ বছর বয়সি এই পেসার। চোটের কারণে প্রায় এক মাস খেলার বাইরে থাকতে হবে তাকে।
শনিবার রাতে বাবা-মায়ের বাড়িতে আয়োজিত নিজের বাগদান অনুষ্ঠানে কাচের ওপর পিছলে পড়ে যান মরিস। এতে তার বোলিং না করা বাম হাত কেটে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান মেরামত করতে হয়েছে। অথচ এর কয়েক ঘণ্টা আগেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন তিনি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার কেড হার্ভে জানিয়েছেন, সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মরিসের। তিনি বলেন, ‘ল্যান্স গতকাল সফলভাবে অস্ত্রোপচার করিয়েছে। তার বোলিং না করা বাম হাতের কাটা অংশ মেরামত করা হয়েছে। আগামী সপ্তাহে সে আবার বোলিং শুরু করতে পারবে বলে আমরা আশা করছি। প্রায় চার সপ্তাহের মধ্যে মাঠে ফেরাই আমাদের লক্ষ্য।’
আগামী সপ্তাহে ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল মরিসের। ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পর তাকে আরও একটি ম্যাচে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন চোটে আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে। তবে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) শুরু থেকেই মাঠে ফেরার লক্ষ্য এই অস্ট্রেলিয়ান পেসারের।
এর আগে প্রাক-মৌসুমের শেষ দিকে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তার প্রত্যাবর্তন পিছিয়ে যায়। অবশেষে মাঠে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দেন মরিস। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলিও।
সোমবার মরিসের প্রত্যাবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করে বেইলি বলেন, ‘ল্যান্সকে আবার খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে। মৌসুম শুরুর ঠিক আগে তার সর্বশেষ ধাক্কাটা আসার পর মনে হচ্ছিল, লোকটার একটু ভাগ্য সহায় হওয়া দরকার। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তাকে ফিরে আসতে দেখে ভালো লেগেছে। কত দ্রুত সে নিজের ছন্দে ফিরেছে, ভালো গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করেছে এবং ভালো ফল পেয়েছে, তাতে আমি মুগ্ধ। সব মিলিয়ে তাকে আবার মাঠে দেখে খুব খুশি হয়েছি।’

