জয়ের আনন্দেও সাদের চোটে বড় ধাক্কা খেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে বড় এই জয়ের আনন্দের মধ্যেই এসেছে দুঃসংবাদ। চোটের কারণে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার তীব্রতায় নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষা-নিরীক্ষায় সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। তার অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে দলের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না তার।
ম্যাচ শেষে সাদের চোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশের কোচ ডুলি। তখনই আশঙ্কা করেছিলেন, টুর্নামেন্টের বাকি অংশে এই ডিফেন্ডারকে আর পাওয়া যাবে না। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
শ্রীলংকার বিপক্ষে বড় জয় পেলেও গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এবার সাদের অনুপস্থিতিতে রক্ষণভাগের ভার সামলানোই হবে দলের অন্যতম চ্যালেঞ্জ।

