খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
গোলের পর হামজা গোলের কারিগর ইব্রাহিমকে প্রাপ্য ক্রেডিটটা দিতে ভুললেন না/ছবি-বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন… সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজকের সন্ধ্যাটাকে এর চেয়ে ভালোভাবে বোধহয় প্রকাশ করা সম্ভব নয়। যে বাংলাদেশ একটা গোলের জন্য হাপিত্যেশ করে ঘুরেছে বহু ম্যাচে, সেই বাংলাদেশ আজ শ্রীলঙ্কার জালে জড়াল একটি নয়, দুটি নয়, একে একে চারটি গোল।
ম্যাচের আগে পরিস্থিতিটা কেমন ছিল তা নিশ্চয়ই ঠাহর করতে পারছেন। বাংলাদেশ শেষ ম্যাচটা জিতেছিল। তবে ভুটানের বিপক্ষে সেই জয়টার জন্য অপেক্ষা করতে হয়েছিল রেফারির শেষ বাঁশি পর্যন্ত।
যে গোলটা হয়েছিল, তার বিল্ড আপও ছিল বেশ গোলমেলে। সে গোলের আগের গল্পটাই শুনুন, গোল কে করবেন, সে প্রশ্নের জবাব খুঁজতে কোছ থমাস ডুলিকে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পর্যন্ত। তিনি তার ভূমিকায় ভালোই খেলেছিলেন সেদিন, তবে গোল করা হয়নি। সে গোলটা করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম, যিনি নেমেছিলেন বিশ্বনাথেরই বদলি হয়ে।
এতসব কিছু হয়েছিল যে দলটার বিপক্ষে, সে দল ভুটানের ফিফা র্যাঙ্কিং কত জানেন? ১৯২। মানে বাংলাদেশেরও ৯ ধাপ নিচে তাদের অবস্থান। তাদের বিপক্ষে এমন ঘাম ঝরানো জয়!
ঠিক সে সময়ে দলে হামজা চৌধুরীর আবির্ভাব। প্রথম ম্যাচটা ফিফার উইন্ডোর বাইরে ছিল, সে কারণে তাকে বাংলাদেশ পায়নি, তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড তখন তাকে ছাড়তে বাধ্যও ছিল না। হামজার নিশ্চয়ই মনটা তখন পড়ে ছিল গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামেই, নাহলে উইন্ডো শুরুর দিনেই তিনি এসে হাজির হতেন, বিকেল না হতেই অনুশীলনে নেমে পড়তেন?
হামজা এলে একটা বিষয় প্রায় নিশ্চিত হয়ে যায়, মাঝমাঠের লড়াইটা অন্তত জিততে চলেছে বাংলাদেশ। কিন্তু মূল যে প্রশ্ন গোলের, সেটা কে করবেন? তার একটা আপাত সমাধান হামজা হতে পারতেন ঠিক, কিন্তু এই হামজারও যে এক বছরের কাছাকাছি সময় বাংলাদেশের জার্সিতে গোল ছিল না!
এই পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যারা আবার সবশেষ তিনটি জয় তুলে নিয়েছে চীনা তাইপে, মরিশাস আর সিশেলসের মতো দলের বিপক্ষে। একগাদা প্রবাসী ফুটবলার নিয়ে দলটাও খেলছিল বেশ দারুণ ফুটবল।
বাংলাদেশ এরপরও এই ম্যাচের ফেভারিটই ছিল। তবে পরিস্থিতিটা কিছুটা বিরুদ্ধই ছিল দলের। সেখান থেকে হামজা চৌধুরীর দল খেলল ফেভারিটের মতোই। শুধু ৪ গোল করেছে বলে নয়, গোলের ধরনও বলে দিচ্ছে দলটা খেলেছে কেমন।
প্রথম গোলটাকে আপনি ‘স্ক্র্যাপি’ বলতে পারেন। সে গোলের উৎসও আবার হামজাই। অপ্টার পরিসংখ্যানে অবশ্য এই অ্যাসিস্ট যোগ হবে না, মাঝে বলে হাত ছুঁইয়েছিলেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা, এরপর আরও এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে বলটা যায় শমিত সোমের হাতে, সেখান থেকে তার নেওয়া শট প্রথমে বাঁধা পায়, এরপর ফিরতি শটে আসে গোল।
‘স্ক্র্যাপি’ হলেও গোল তো গোলই! সে গোলই তো লঙ্কানদের নাড়িয়ে দেয়, বাংলাদেশকে আরও জাঁকিয়ে বসার সুযোগ দেয় ম্যাচে।
এক গোলের লিড যথেষ্ট নয়, ম্যাচের চালকের আসনে বসতে ব্যবধান দ্বিগুণ করা চাই। সেটা করে দিলেন হামজা। যেভাবে করলেন, তাও ঢঙই বটে। ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে এগোলেন, এক ডিফেন্ডারকে দৌড়ে হারিয়ে সুজনকে ফাঁকি দিয়ে জড়ালেন জালে।
হামজার সবশেষ জাতীয় দলে গোল ছিল গেল বছর, এই নভেম্বর উইন্ডোতেই। এরপর চলতি বছর ৭ ম্যাচ খেলেও গোল পাননি। সে গোলখরা অবশেষে কাটালেন, তাও আবার নিজের সাফ অভিষেকে।
পরের দুই গোলে যেন খোদ দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি নেমে এলেন জাতীয় স্টেডিয়ামে। ফারহান আলী ওয়াহিদ ইন্দোনেশিয়া ম্যাচেই গোলের অভিষেকটা করে ফেলেছিলেন, তিন ডিফেন্ডারকে কাটিয়ে আজ যা করলেন, তা দেখলে বোধ করি স্বর্গীয় ম্যারাডোনাও তারিফই করতেন। সে এক গোলে ফারহান জানান দিলেন, গোল নিয়ে আপাতত চিন্তা বাদ দিলেও পারেন কোচ ডুলি।
এরপর মেসিকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা নিলেন রাকিব হোসেন। প্রতি আক্রমণে বাংলাদেশ উঠে আসছিল, অনেকটা ৩ বনাম ২ পরিস্থিতি ছিল, রাকিবের সামনে ছিলেন স্রেফ লঙ্কান গোলরক্ষক, তাকে ফাঁকি দিয়ে সোনালি সময়ের মেসির মতোই চিপ করে রাকিব বলটা জড়ান জালে। কাটান ১৩ মাসের গোলখরা।
রাকিবের সেই গোলের পর স্কোরলাইনটা বলছিল বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা। প্রতিপক্ষের জালে বাংলাদেশ সবশেষ কবে চার গোল জড়িয়েছে, আবার ক্লিনশিটও রেখেছে, মনে করতে পারছেন? না বোধ করি।
পারবেনই বা কেন? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ইলাভেন ভার্সেস ইলাভেন জানাচ্ছে, হামজা-শমিতদের এই ৪ গোলের জয়ের চেয়ে ভালো জয় বাংলাদেশ তার ইতিহাসেই দেখেছে আর মোটে আর ৬ বার, ১৯৯৯ সালের পর আর এক বারও নয়। শেষ ২৭ বছরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়!
সব মিলিয়ে বাংলাদেশের নিজের কাছে, আর টুর্নামেন্টে টিকে থাকা বাকি ৩ দলের কাছে বার্তাটা সহজ, বাংলাদেশের গোলের বাঁধ খুলেছে, বাংলাদেশের খেলোয়াড়দেরও গেরো খুলে গেছে।
মুদ্রার উল্টো পিঠে আরও একটা তথ্য আছে। ‘গোল আপনাকে ম্যাচ জেতায়, রক্ষণ আপনাকে জেতায় শিরোপা’ — কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের এই বেদবাক্য বেশিরভাগ সময়ই অনেকে ভুলে যান, বাংলাদেশ কিন্তু তা ভোলেনি। এই দুই ম্যাচে বাংলাদেশের রক্ষণ ভুল করেছে সামান্যই, যার ফল হিসেবে ক্লিনশিট এসেছে দুই ম্যাচে।
গোল আসতে শুরু করেছে, প্রতিপক্ষের গোলের দরজাটাও বন্ধ রাখতে শিখে গেছে বাংলাদেশ। ‘একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন’ — এমন এক দিন তো এলো এই দুয়ের যুগলবন্দিতেই! এ জীবনে তো বটেই, অন্তত সাফে যেন আরও ২ বার আসে ‘এমনই স্বপ্নের দিন’। ২৩ বছরের অপূর্ণ সাধ মেটাতে যে এমন দুটো দিনের খুব দরকার!


-6af2df93d1f41.jpg)