স্ত্রীর সঙ্গে জনসম্মুখে উত্তপ্ত বাক্যবিনিময় কামিন্সের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
‘দ্য অস্ট্রেলিয়ান’ প্রকাশিত ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া স্থিরচিত্র। সূত্র: এনডিটিভি
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজার সাম্প্রতিক অভিযোগের পর চাপে রয়েছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
এর মধ্যেই সিডনির রাস্তায় স্ত্রী বেকির সঙ্গে উত্তপ্ত কথোপকথনে দেখা গেছে এই অজি পেসারকে। জনসম্মুখে হওয়া এই কথাবার্তার স্থিরচিত্র ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বুধবার ‘দ্য অস্ট্রেলিয়ান’ প্রকাশিত একটি ভিডিওতে সিডনির রাস্তায় কামিন্স ও তার স্ত্রীকে বেশ উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে তারা কাছের একটি ভবনে প্রবেশ করেন। তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা বা তর্ক হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুরো ঘটনার সময় কামিন্সকে তুলনামূলক শান্ত থাকতে দেখা গেছে। তার পরনে ছিল টি-শার্ট ও শর্টস।
খাজার নতুন অভিযোগ সামনে আসার পর এটিই ছিল কামিন্সের প্রথম প্রকাশ্য উপস্থিতি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের একাধিক সদস্য, এমনকি কামিন্সও জানতেন বলে দাবি করেছেন সাবেক এই ব্যাটার। তার আত্মজীবনী প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন কামিন্স। খাজার অভিযোগগুলো ভালোভাবে পর্যালোচনা করে যথাযথ জবাব দিতে চান তিনি।
এদিকে বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি সাদা বলের সিরিজে বিশ্রামে রয়েছেন কামিন্স। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন এই পেসার।
তবে মাঠের বাইরের নতুন বিতর্ক আপাতত তার জন্য বাড়তি চাপ তৈরি করেছে। আট বছর আগের সেই বল টেম্পারিং কাণ্ডে নিজের অবস্থান নিয়ে শুক্রবার কামিন্স কী বলেন, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

