‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে খাজার অভিযোগের জবাব দেবেন কামিন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সাবেক ওপেনার উসমান খাজার সাম্প্রতিক অভিযোগের জবাব দিতে এবার মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে সব অভিযোগ বিস্তারিতভাবে বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছেন তিনি।
অবসরের পর প্রকাশিত আত্মজীবনীতে আট বছর আগের ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন খাজা। তার অভিযোগ, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের প্রায় সবাই অবগত ছিলেন। এমনকি অধিনায়ক কামিন্সও বিষয়টি জানতেন বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল বলে উল্লেখ করেছেন খাজা।
অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তে উঠে এসেছিল ভিন্ন তথ্য। তদন্ত অনুযায়ী, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকে দেশে ফিরিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যদিকে, ২০২১ সালে কামিন্সের পাশাপাশি মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন জানিয়েছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না।
খাজার অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার সংবাদমাধ্যমের সামনে আসার কথা জানিয়েছেন কামিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করেই বক্তব্য দিতে চান।
কামিন্সের ভাষায়, এ সপ্তাহের ঘটনাপ্রবাহ নিয়ে সংবাদমাধ্যমের যেকোনো প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। তবে খাজার উত্থাপিত অভিযোগগুলোর ব্যাপ্তি ও বিস্তারিত বুঝতে কিছুটা সময় নিয়েছেন, যাতে যথাযথভাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন।
এদিকে খাজার অভিযোগের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন স্টার্ক। বুধবার সাংবাদিকদের তিনি জানান, ২০২১ সালে দেওয়া বক্তব্য কিংবা সে সময়কার ঘটনা সম্পর্কে তার স্মৃতিতে কোনো পরিবর্তন আসেনি। মাঠে বল নিয়ে কী করা হচ্ছিল, সে বিষয়ে তারা কিছুই জানতেন না বলেও আবারও উল্লেখ করেন এই পেসার।
অন্যদিকে, এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি স্মিথ ও ব্যানক্রফট। তবে বিতর্কের মধ্যেও কামিন্সের নেতৃত্ব নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন।
দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বুন স্পষ্ট করেছেন, কামিন্সের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে অতীতের বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা না বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।
খাজার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বুন বলেন, সে সময়ের ঘটনা নিয়ে উসমানের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, যা তিনি সম্মান করেন। তবে একজনের বক্তব্যের বিপরীতে আরেকজনের বক্তব্য দাঁড় করিয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ, এ ঘটনায় কারও স্মৃতি খাজার সঙ্গে মিলতে পারে, আবার অনেকের অভিজ্ঞতা হতে পারে সম্পূর্ণ ভিন্ন।


