‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু করার কোনো পরিকল্পনা নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা নতুন অভিযোগ এবং ডেভিড ওয়ার্নারের সমর্থন সত্ত্বেও পুরোনো ঘটনা পুনরায় খতিয়ে দেখতে রাজি নয় সংস্থাটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের মতে, আট বছর আগের সেই ঘটনা নতুন করে তদন্ত করে বিশেষ কোনো লাভ হবে না। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় বিশ্ব ক্রিকেটে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া।
ওই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে।
বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটই জানতেন, বিষয়টি এমন নয়। দলের আরও কয়েকজন ক্রিকেটারও এ বিষয়ে অবগত ছিলেন। তার আরও দাবি, কেপটাউন টেস্টের আগের ম্যাচ অর্থাৎ পোর্ট এলিজাবেথ টেস্টেও বলের আকৃতি পরিবর্তনে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।
খাজার অভিযোগ, ওই ঘটনার তদন্ত চলাকালে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। অথচ কেপটাউন টেস্টে পুরো সময় ব্যানক্রফটের পাশেই ছিলেন তিনি। তার এসব দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ওয়ার্নার। খাজার বক্তব্যকে শতভাগ সঠিক বলেও মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।
খাজার দাবির পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার চ্যাড সেয়ার্সও। কেপটাউন টেস্টের পর জোহানেসবার্গ টেস্টে খেলা এই ক্রিকেটার শনিবার চ্যানেল সেভেনকে জানান, খাজার আত্মজীবনীতে ঘটনাটি যেভাবে তুলে ধরা হয়েছে, তা সঠিক। এছাড়া দলের আরও একজন ক্রিকেটারও খাজার বর্ণনার সঙ্গে একমত বলে জানিয়েছে ক্রিকইনফো।
তবে নতুন এসব তথ্য সামনে এলেও তদন্ত পুনরায় শুরু করতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ জানান, পুরোনো ঘটনা আবার সামনে এনে নতুন করে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা দেখছে না বোর্ড।
তিনি বলেন, ‘অতীতের ঘটনা নতুন করে খতিয়ে দেখার মধ্যে কোনো সুফল নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের অবস্থানও সেটাই। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ২০১৮ সালে তৎকালীন নেতৃত্বের অধীনে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল। অতীতের সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তোলা কিংবা পরবর্তী সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো পুনর্মূল্যায়ন করা আমাদের লক্ষ্য নয়।’
এর আগে শনিবার খাজার অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, আট বছর আগের তদন্তের ফলাফল নিয়ে তারা সন্তুষ্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, সংস্থাটির বর্তমান নির্বাহী কর্মকর্তা ও বোর্ড সদস্যদের কেউই ২০১৮ সালে দায়িত্বে ছিলেন না।
গ্রিনবার্গও তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ওই সময়ে কেপটাউন কেলেঙ্কারিতে জড়িত বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল তার। পাশাপাশি তদন্তের পূর্ণাঙ্গ জবানবন্দিও পর্যালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার সকালে গ্রিনবার্গ স্বীকার করেন, খাজার আত্মজীবনী এখনো তার পড়া হয়নি। তবে বইটি প্রকাশের পর খাজা তাকে ফোন করেছিলেন। নতুন তদন্তের সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগের তদন্তের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। উসমানের বক্তব্যসহ নতুন করে যা সামনে এসেছে, তাতে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কারণ নেই। তদন্ত আবার শুরু করার মতো জোরালো যুক্তিও দেখছি না। আমার মনে হয় না, এতে নতুন কিছু পাওয়া যাবে।’
গ্রিনবার্গ আরও জানান, কেপটাউন ঘটনার বিষয়ে দলের অনেক ক্রিকেটারের বক্তব্য একে অপরের থেকে আলাদা। ২০১৮ সাল থেকেই তারা নিজেদের অবস্থান প্রকাশ করে আসছেন এবং এত বছরেও সেই বক্তব্যে পরিবর্তন আসেনি। সাম্প্রতিক দিনগুলোতেও সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছেন তিনি।


