অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের কেপ টাউনে ঘটে যাওয়া ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারিকে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ই ধরা হয়। এবার তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। শনিবার তিনি বলেছেন, পুরো দলই ঘটনাটি আগে থেকে জানত। তিনি আরও জানিয়েছেন, তার আগের টেস্টে পোর্ট এলিজাবেথেও একই কৌশল কাজে লাগানো হয়েছিল।
ওই কেলেঙ্কারির পর অধিনায়ক স্টিভ স্মিথ, তার ডেপুটি ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে অপমানজনকভাবে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এই তিনজনকেই বল বিকৃতির পরিকল্পনা আগে থেকে জানা একমাত্র খেলোয়াড় বলা হয়েছিল। স্মিথ এক বছরের নিষেধাজ্ঞা পান এবং অধিনায়কত্ব হারান। ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং সব নেতৃত্বের দায়িত্ব থেকে সরানো হয়। ব্যানক্রফট পান নয় মাসের নিষেধাজ্ঞা।
খাজা এ বছর ৮৮ টেস্ট খেলে অবসর নিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, সবাই আগে থেকে জানত। আগামী সপ্তাহে তার আত্মজীবনী প্রকাশ হবে। বইয়ে এই বিষয়ে একটি অধ্যায় আছে। এর আগেই তিনি বলেন, ‘আমরা সবাই। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, স্টাফরাও নয়। আমরা সবাই।’
পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজলউড এবং স্পিনার নাথান লায়ন ২০২১ সালে প্রকাশ্যে বলেছিলেন, তারা ঘটনাটি জানতেন না। খাজা জানান, কেপ টাউন টেস্টের পর ড্রেসিংরুমে তিনি কথা বলেছিলেন। ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফটকে বলির পাঁঠা না বানিয়ে দলকে সম্মিলিত দায় নিতে বলেছিলেন তিনি।
এখন সত্য বলতে হচ্ছে বলে খাজা অস্বস্তির কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আদর্শ পৃথিবী হলে, আমি এটা করতে চাইতাম না। আমি চাইনি যে, আমিই সামনে এসে সত্যিটা বলি। সমস্যা হলো, আমি সত্যিই ভেবেছিলাম আট বছর পর সত্য এত দিনে বেরিয়ে যাবে। হয়তো ভেবেছিলাম, ডেভি (ওয়ার্নার) এটা ফাঁস করবেন, নয়তো অন্য কেউ এ নিয়ে আরও কথা বলবেন। আমি ভাবিনি, ব্যাপারটা শেষ পর্যন্ত এখানে এসে ঠেকবে।’
পত্রিকাটির বরাতে জানা গেছে, বইয়ে খাজা লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টের সময় পোর্ট এলিজাবেথের ড্রেসিংরুমেও আলোচনা হয়েছিল। এই শহরের বর্তমান নাম গেবেখা। আলোচনা ছিল বল খসখসে করার উপায় নিয়ে। শেষে বোঝা যায়, স্যান্ডপেপার কার্যকর। তখন স্মিথ নাকি হেঁটে সরে যান। তিনি নাকি বলেছিলেন, এ নিয়ে কিছু জানতে চান না। এরপর ব্যানক্রফট নাকি স্বেচ্ছায় রাজি হন। গেবেখায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে স্যান্ডপেপার ব্যবহার করবেন বলে জানান তিনি। ওই ইনিংসে বল অনেক সুইং করেছিল। নিজের আত্মজীবনী 'সবর'-এ এইসব অভিযোগ তুলে ধরেন খাজা।
