টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ানোর বিপক্ষে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিধি বাড়িয়ে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আপত্তির কারণে আগামী চক্রেও আগের মতো ৯ দল নিয়ে প্রতিযোগিতা চালানোর সম্ভাবনা বেশি। ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
ইন্দোনেশিয়ার বালিতে বুধবার (১১ নভেম্বর) শুরু হয়েছে আইসিসির ২০২৬ সালের বোর্ড সভা। রোববার পর্যন্ত চলবে এই সভা। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি ২০২৭-৩১ মেয়াদের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপকে ১২ দলের একক প্রতিযোগিতায় রূপ দেওয়ার প্রস্তাব বেশ গুরুত্ব পেয়েছিল। কিন্তু নতুন করে সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বর্তমান কাঠামো বহাল থাকলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকতে হবে।
তবে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার একটি সম্ভাবনা এখনো রয়েছে। সেটি হলে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে ১০ হতে পারে। অন্যদিকে, আর্থিক সীমাবদ্ধতা এবং টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের আগ্রহ নিয়ে অনিশ্চয়তা থাকায় তাদের অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা রয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছে ইসিবি। তাদের আশঙ্কা, অতিরিক্ত ম্যাচ আয়োজনের ফলে খেলোয়াড়দের ভ্রমণের চাপ বাড়বে। একই সঙ্গে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সূচিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী ইংল্যান্ড। যদিও তালেবান শাসিত আফগানিস্তানে নারীদের প্রতি আচরণের প্রতিবাদে দেশটির বিপক্ষে খেলতে রাজি নয় তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পাওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছে জিম্বাবুয়ে। কিন্তু বর্তমান কাঠামো বহাল থাকলে তাদের সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। ২০২৫ সালে ১০টি টেস্ট খেললেও চলতি বছর এখন পর্যন্ত মাত্র দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে দলটি।
আইসিসির বালি সভায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী এফটিপির পরিকল্পনাও আলোচনায় আসবে। দ্বিপক্ষীয় সিরিজের বেশির ভাগ বিষয় নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এবার সেগুলো চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৮ সালে জিম্বাবুয়ে সফরে যেতে পারে ইংল্যান্ড। সেখানে অন্তত একটি টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। ২০০৪ সালের পর জিম্বাবুয়ের মাটিতে দুই দলের কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি।
এছাড়া ২০২৭ সালে একটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। পরবর্তী চক্রে অস্ট্রেলিয়ারও দেশটিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সফরে টেস্ট ম্যাচ থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও ছোট পরিসরের টেস্ট সিরিজ চালু থাকতে পারে। পাশাপাশি উত্তর আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ওয়াশিংটন ডিসি ও টরন্টোতে সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এ ক্ষেত্রে কানাডার ক্রিকেট বোর্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং মেজর লিগ ক্রিকেটের দল ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে যোগাযোগ কাজে লাগাতে চায় তারা। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে ফ্রেডেরিকে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করছে ফ্রিডম।
ওয়ানডের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ
আইসিসির সভায় আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজির তৈরি একটি কৌশলগত পর্যালোচনা বোর্ড সভায় উপস্থাপনের কথা রয়েছে। এতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। টেস্ট ও টি-টোয়েন্টির মাঝখানে এই সংস্করণের জনপ্রিয়তা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আগামী এফটিপিতে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অধিকাংশ ওয়ানডে আয়োজন হতে পারে ২০৩১ বিশ্বকাপকে কেন্দ্র করে।
এদিকে সম্প্রচার স্বত্বের ওপর আইসিসির অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আয়ের নতুন উৎস তৈরির বিষয়টিও আলোচনায় আসতে পারে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে রাজস্ব বণ্টন এবং আগামী চক্রে বোর্ডগুলোর আর্থিক বরাদ্দ কমানো হবে কি না, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দলের সংখ্যা বাড়বে?
পুরুষদের ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দলের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছে কয়েকটি সহযোগী সদস্য দেশ। বর্তমানে আটটি সহযোগী সদস্যসহ মোট ২০টি দেশের ওয়ানডে মর্যাদা রয়েছে।
তবে ওয়ানডে বিশ্বকাপ আইসিসির আয়ের অন্যতম প্রধান উৎস হওয়ায় দলসংখ্যা কমানোর সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। বরং ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৩২ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা আপাতত কম।


