Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তার পরিচিতিতে তুলে ধরা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।


অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা তুলে ধরতে তিনি কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।

বছরের সেরা পুরুষ ও নারী

২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তার সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।

যেভাবে তৈরি হয় তালিকা

‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার এবারের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।

তালিকায় ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের অংশ।

প্রকাশনাটিতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।

প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানেই তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানসহ বাংলাদেশের দুই নারী

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ দশে মুফতি তাকি উসমানি

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

দুই দফা পালানোর পর ‘পলাতক রানি’ বাঘিনীর নতুন ঠিকানা কোথায়?

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম