ধানখেতে পড়ে ছিল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
মুক্তাগাছা থানা
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ধ্যায় নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর লাশ সকালে ধানখেতের আইল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রাম থেকে জাকিয়া (১১) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধবিবস্ত্র ও মুখে ওড়না প্যাঁচানো অবস্থায় একটি কলাগাছের নিচে লাশটি চাপা দেওয়া ছিল।
স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর মুখে ওড়না প্যাঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মৃত জাকিয়া ওই এলাকার আইয়ুব আলীর নাতনি এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বাসিন্দা আব্দুল সাত্তারের মেয়ে। সে স্থানীয় বাদে পাওবীজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মা দ্বিতীয় বিয়ে করলে তিন বছর বয়স থেকে উপজেলার দাওগাঁও নামাপাড়ায় নানার বাড়িতেই বড় হয় জাকিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় নানাবাড়ির লোকজন রাতভর আশপাশের এলাকা এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা থাকলেও সকালে ধানখেতের আইলে কলাগাছের নিচে লাশটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডাক দেন এক কৃষক। প্রতিবেশীরা এসে লাশটি নিখোঁজ জাকিয়ার বলে সন্দেহ করে পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি জাকিয়া। সকালে ধানখেতের আইলে কলাগাছের নিচে তার লাশ পাওয়া যায়। সেই সময় তার মুখে ওড়না প্যাঁচানো এবং পরনের পোশাক আংশিক খোলা অবস্থায় ছিল। অমানুষিক নির্যাতন করার পর মুখে ওড়না প্যাঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
নাতনি হত্যার সুষ্ঠু বিচার চেয়ে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েন জাকিয়ার বৃদ্ধা নানি মোজেদা খাতুন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখে ও গলায় ওড়না প্যাঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
