নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ড ও ব্যানারে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন।
ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তারা বাসায় চলে যাওয়ার পর গভীর রাতে একদল দুর্বৃত্ত অন্ধকারের সুযোগ নিয়ে ব্যাংকের সামনের অংশে থাকা ডিজিটাল ব্যানার ও সাইনবোর্ডে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ব্যাংকের মূল ভবনের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ভেতরের কোনো নথিপত্র বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। তবে আগুনে ব্যাংকের সামনের ব্যানারটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং দেয়ালের কিছু অংশ কালো হয়ে গেছে।
বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
