গভীর রাতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (৯ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষ ঘটে।
নিহত রাকিব মিয়া বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কদুপুর গ্রামের বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
