ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নতুন কমিটি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
সুজাউদ্দৌলা সুজা ও জাহাঙ্গীর হোসেন পাপ্পু
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফুলপুর উপজেলার সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং গৌরীপুরের জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রথম) নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তর জেলা যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গৃহীত হবে। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কমিটি প্রকাশের পরপরই গৌরীপুর উত্তরবাজার এলাকায় জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। পাপ্পুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা শহরে আতশবাজি ফুটিয়ে ও ভেঁপু বাজিয়ে আনন্দ মিছিল বের করেন। পরে তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
