সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
সুন্দরবনে মাটির নিচে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনের গহিনে দস্যু বাহিনীর একটি গোপন আস্তানায় হানা দিয়ে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় দস্যু দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি ডাকাত দল সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে সকাল ১০টায় কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। বনের ভেতরে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটারগান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি (গোলা) ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
