Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

Icon

আবুল আহসান টিটু

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

ছবি: যুগান্তর

Advertisement

২০০৭ সালের ১৫ নভেম্বর। রাতের আঁধারে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বাগেরহাটের শরণখোলার ৩৫/১ পোল্ডারের প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। 

সরকারি হিসাব অনুযায়ী, বলেশ্বর নদতীরবর্তী ১২টি গ্রামে প্রাণ হারান ৬৮০ জন। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার ঘরবাড়ি, ফসলের মাঠ, পুকুর ও মাছের ঘের। তবে স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা এক হাজারের বেশি। নিখোঁজ হন অনেকে।

সেই ভয়াল রাতের ১৯ বছর পেরিয়েছে। কিন্তু শরণখোলার উপকূলবাসীর জীবন থেকে কাটেনি দুর্যোগের আতঙ্ক। স্বজন হারানোর শোকের সঙ্গে এখন যুক্ত হয়েছে নদীভাঙন, জোয়ারের পানি আর বসতভিটা হারানোর নতুন শঙ্কা। সিডরের পর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা মিললেও জীবন ও সম্পদ রক্ষায় একটি মজবুত, টেকসই বেড়িবাঁধের যে দাবি ছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি।

উপকূলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৬ সালে ৩৫/১ পোল্ডারে প্রায় ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (সিইআইপি) আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই। ২০১৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতা ও দীর্ঘসূত্রতায় তা শেষ হয় ২০২৩ সালে।

কিন্তু কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। বিপুল অর্থ ব্যয়ের পরও তারা কাঙ্ক্ষিত নিরাপত্তা পাচ্ছেন না।

বলেশ্বর নদতীরবর্তী বগীবন্দর এলাকার বাসিন্দা সোলায়মান খান, বাবুল ঘরামীসহ কয়েকজন জানান, জোয়ার এলেই তাদের ঘরে পানি ওঠে। একসময় তাদের বসতভিটা রক্ষায় যে বাঁধ ছিল, তা নদীতে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছরে তাফালবাড়ী থেকে বগী পর্যন্ত প্রায় ১০ হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে তাদের দাবি। নতুন বেড়িবাঁধের বাইরের বসতঘরগুলোও রয়েছে ভাঙনের ঝুঁকিতে।

বলেশ্বরের ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন বেড়িবাঁধের পাশে আশ্রয় নিয়েছেন কয়েক'শ পরিবার। খোন্তাকাটা থেকে বগী পর্যন্ত এলাকার এসব পরিবারের অনেকেই একসময় সচ্ছল ছিলেন। নদীভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে এখন তাদের জীবন চলছে চরম অভাব-অনটনে।

সেখানে বসবাসকারী সুফিয়া বেগম, রেহানা বেগম, আছিয়াসহ কয়েকজন নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আসে, সরকার যায়; আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না। সব হারাইয়া এহন অভাবে কলা-কচু খাই। আর শত শত কোটি টাকার বাঁধের সুবিধা নেয় সাহেবেরা। আমরা চাই এমন একটা বাঁধ, যেটা ভাঙবে না, বন্যায় আমাগো ডুবাইবে না।’

সিডরের ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় শরণখোলার সাউথখালী ও আশপাশের এলাকার মানুষকে। কান্নাজড়িত কণ্ঠে আব্দুল পঞ্চায়েত বলেন, ‘আমার পরিবারের ১৮ জনই মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের এলাকার ৭ হাজার বিঘা জমি চলে গেছে এই নদীতে। অথচ এখনো একটা টেকসই বাঁধ হলো না এখানে! যে বাঁধ হয়েছে, সেটাও ভেঙে যাচ্ছে। ভবিষ্যতে এমন দুর্যোগ আবার আসলে আমরা একদম শেষ হয়ে যাব।’

এদিকে নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে বগী, গাবতলা, বাবলাতলা, রাজেশ্বর, খোন্তাকাটা, ফাসিয়াতলা ও সন্যাসী এলাকার নদীতীরে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শরণখোলার গাবতলা এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলছে। অন্যদিকে মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় কিছু কাজ শেষ হলেও আশপাশের নতুন নতুন স্থানে ভাঙন দেখা দিয়েছে। 

তবে এসব কাজ নিয়েও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তাদের দাবি, ডাম্পিংয়ের কাজে পর্যাপ্ত সিসি ব্লক ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হচ্ছে না। যথাযথ নিয়ম অনুসরণ না করায় নদীর স্রোতে ব্লক ও বালুভর্তি বস্তা সরে যাচ্ছে। এতে সরকারি অর্থ ব্যয় হলেও ভাঙন প্রতিরোধে স্থায়ী সুফল মিলছে না। ভাঙনপ্রবণ স্থানগুলো যথাযথভাবে চিহ্নিত করে মানসম্মত উপকরণ ও প্রকৌশলগত পরিকল্পনায় কাজ করার দাবি জানিয়েছেন তারা।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হালদার জানান, জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের মাধ্যমে শরণখোলার সাউথখালীর গাবতলা এবং মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় ৩৫/১ পোল্ডারের আওতায় মোট ৮৭৫ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সিইআইপি প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সময় নদী থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছিল। কিন্তু ক্রমান্বয়ে নদীভাঙন বাঁধের একেবারে কাছাকাছি চলে এসেছে। ফিজিবিলিটি স্টাডির আওতায় নদীতীর সংরক্ষণ ও প্রয়োজনীয় কাজের পরিমাণ নির্ধারণ করে স্টাডি রিপোর্ট দাখিলের পর ডিপিপি প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সিডরের ক্ষত বয়ে বেড়ানো এই জনপদের মানুষের কাছে বেড়িবাঁধ কেবল মাটি, ব্লক আর বালুর বস্তার কাঠামো নয়; এটি তাদের বসতভিটা, ফসল, জীবিকা ও বেঁচে থাকার শেষ আশ্রয়। তারা আর ত্রাণ চান না, চান এমন একটি টেকসই বেড়িবাঁধ, যা পরবর্তী দুর্যোগের আগেই তাদের জীবন ও ভিটেমাটির নিরাপত্তা নিশ্চিত করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

অভাবে ১৩ মাসের সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিক সেজে সড়ক অবরোধ, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

সিডরের ১৯ বছরেও আক্ষেপ উপকূলবাসীর ‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

‘সরকার আসে, সরকার যায়— আমাগো বেড়িবাঁধ আর টেকসই হয় না’

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ বিস্ফোরকসহ ডেটোনেটর উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম