স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
সুরুজ্জামান ও মেহেদি হাসান
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ মহানগরীর বারেড়া এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সুরুজ্জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের গণপিটুনিতে মেহেদি হাসান (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেড়া মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় সুরুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রাতে মেহেদিকে গণপিটুনি দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত মো. সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
গণপিটুনিতে নিহত মেহেদি হাসান বারেড়া মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত।
সুরুজ্জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগের জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সুরুজ্জামানের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সুরুজ্জামান তার শিশুসন্তানকে নিয়ে জুতা কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেল ভাঙচুর করে এবং সুরুজ্জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে রাতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মেহেদি হাসানের বাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় মেহেদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পালটাপালটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুব বলেন, নিহত সুরুজ্জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
