উৎখাত হওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার কল্পনা অবান্তর: বিমানমন্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
|
ফলো করুন |
|
|---|---|
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টদের কাজ ফ্যাসিস্টদের মতোই হয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে যে ফ্যাসিস্টরা উৎখাত হয়েছে, তারা আবার ফিরে আসবে—এমন কল্পনা করা অবান্তর। এর মধ্যেও কিছু দুষ্কৃতকারী যেসব সহিংসতার ঘটনা ঘটাচ্ছে, সেগুলো এআই প্রযুক্তির মাধ্যমে বেশি বেশি করে দেখানো হচ্ছে, যাতে সরকার স্থির হতে না পারে। তাই অস্থিরতা বাড়ানোর জন্য যেসব কাজ করা হচ্ছে, তা পতিত ফ্যাসিস্ট সরকারের ইন্ধনেই হচ্ছে। যারা পলাতক আছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আস্ফালন দেখিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সেই চেষ্টা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে শ্রমিক আন্দোলনের নামে উসকানি দিয়ে কাজ বন্ধ রেখে কারখানা নষ্ট করার যে অপচেষ্টা করা হয়েছিল, তা শ্রমিকরা বুঝতে পেরেছে। তাদের ওয়েজবোর্ড হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের আয়-রোজগার বাড়ানোর জন্য যে পরিশ্রম করছেন, তা বুঝতে পেরে শ্রমিকরা আন্দোলন বন্ধ করেছেন। আন্দোলন সাধারণ শ্রমিকরা করেননি, ফ্যাসিস্টদের কিছু গুপ্তচর ইন্ধন দিয়ে এটি করাচ্ছে; কিন্তু তাদের এই পরিকল্পনা কোনো দিনই সফল হবে না। দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কেউ পার পাবে না।
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, একটি বিমানবন্দর নির্মাণ ও চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। এর শর্তগুলো যে খুব কঠিন তা নয়, আমরা শর্ত মেনে নিয়েছি। ত্রিশালের প্রস্তাবিত স্থানটি ঢাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে। যেহেতু প্রায় দুই হাজার একর জমি দরকার, তাই সেগুলো নিয়ে কাজ চলছে। সমীক্ষায় সবকিছু ঠিক থাকলে আমরা সামনের দিকে এগোব।
তিনি আরও বলেন, নেত্রকোনার দুর্গাপুর ও বিরিশিরি এবং ময়মনসিংহের হালুয়াঘাট মিলিয়ে একটি বৃহৎ পর্যটন এলাকা গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে সরকারের।
‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—এ বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের মেয়র রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে সকালে মন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
