বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেফতার ৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকায় বাসের ভেতরে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে বাসসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাসের চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের ইয়াসিন সরকারের ছেলে রবিউল কবির সরকার (২৫), সুপারভাইজার নাটোর সদর উপজেলার হয়বদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাহবুবুর রহমান (৩০) এবং চালকের সহকারী নাটোর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে হালিম মোল্লা (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল কিশোরীটি। এ সময় এইচপি পরিবহণের এক বাসের হেলপার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসে তোলেন। বাসটি রংপুর থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে সেটি ঢাকায় না গিয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছায়।
অভিযোগ রয়েছে, অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বাসের ভেতরে কিশোরীকে একা পেয়ে চালক, তার সহকারী ও সুপারভাইজার মিলে ধর্ষণচেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তিনজনকে আটক করেন। পরে তাদের বাসসহ পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত তিনজনকে ভালুকা মডেল থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর বাবা-মাও থানায় আসেন।
কিশোরী জানায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। রাগ করে সে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় বাসের হেলপার তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তোলেন। পরে চালক, হেলপার ও সুপারভাইজার পরিকল্পিতভাবে তাকে ভালুকায় নিয়ে আসেন এবং বাসের ভেতরে ধর্ষণচেষ্টা করেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

-6af306a28923a.jpg)