অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির সিঁড়িঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও কাপড়চোপড়সহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
এ সময় নারীদের নাজেহাল করার প্রতিবাদ করায় ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে ডাকাতরা। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে তারা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ি পরানেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ইউপি সদস্য মাহফুজুর রহমান (৩৮) ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে। আহত অবস্থায় তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তার বড় ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় শিশুদের কান্নাকাটির শব্দ শুনে তিনি ওই ঘরে গেলে ডাকাত দলের সদস্যরা নারীদের নাজেহাল করছিল। তিনি বাধা দিলে ডাকাতরা রামদা ও খুন্তি দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
মাহফুজুর রহমান আরও বলেন, পরে ডাকাতরা আলমারি ভেঙে তার ব্যক্তিগত ও তার ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের জন্য রাখা নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া তার স্ত্রী ও বড় ভাবির মোট ৬ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে। যাওয়ার আগে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ডাকাতরা।
তিনি বলেন, ডাকাত দল কয়েকটি মোটরসাইকেলে এসেছিল। ৬ জনের মতো ঘরে প্রবেশ করে, অন্যরা বাইরে পাহারায় ছিল। আমার ঘরে টাকা থাকার তথ্য জেনেই পরিকল্পিতভাবে ডাকাতরা হামলা চালিয়েছে বলে ধারণা। মঙ্গলবার সকালে আমার ভাইয়েরা শহর থেকে বাড়িতে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেলে করে ডাকাত দল এসে মাহফুজের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তিনি প্রশাসনকে সহযোগিতা করছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। সেখানে দুটি মোটরসাইকেলের ৪ জনকে দেখা যাচ্ছে। তাদের শনাক্ত করে তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে।
