শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— নগরীর ছত্রিশ বাড়ি কলোনি এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড়ের মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ি এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত সাগর স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরিহিত অবস্থায় এ ঘটনা ঘটায়। এরপর তাদের ধরতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার পরপরই বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশ সুপার কামরুল হাসান। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে সিকে ঘোষ রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মিছিল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করা হয়।
